মীরা ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

34

পৃথা দাশগুপ্ত,কলকাতা:অসুস্থ মীরা ভট্টাচার্যকে দেখতে আজ সন্ধ্যায় হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। মীরা ভট্টাচার্যের চিকিৎসা সংক্রান্ত ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
তাঁর চিকিৎসায় যেন কোনও গাফিলতি না হয়, বরং সাহায্যের প্রয়োজন হলে তাঁকে জানাতেও বলেছেন শুভেন্দু অধিকারী।

মীরা ভট্টাচার্যের বয়স ৭৬ বছর। হাসপাতালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত দু’সপ্তাহ ধরে তাঁর মাঝেমধ্যে তীব্র পেটের ব্যথা হচ্ছিল। সেই সমস্যা নিয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক সৌপ্তিক পাণ্ডার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে আজ হাসপাতালের তরফে জানানো হয়েছে।

আজ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ উডল্যান্ডসে পৌঁছন মুখ্যমন্ত্রী ।‌ প্রায় রাত ৮টা পর্যন্ত হাসপাতালেই ছিলেন।‌
সূত্রে খবর, মীরার শারীরিক সমস্যা ও চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন শুভেন্দু। প্রয়োজন হলে চিকিৎসার ক্ষেত্রে সরকারের তরফে সবরকম সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

রাজ্যে পালাবদলের পর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই উদ্যোগের প্রশংসাও আগে শোনা গিয়েছিল মীরা ভট্টাচার্যের মুখে।

মীরা ভট্টাচার্যের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল। সেই বোর্ডে রয়েছেন—

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক চিকিৎসক সরোজ মণ্ডল

গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক শাশ্বত চট্টোপাধ্যায়

এন্ডোক্রিনোলজিস্ট চিকিৎসক সেমন্তী চক্রবর্তী

হাসপাতাল সূত্রের খবর, আপাতত মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে আরও কয়েকদিন হাসপাতালে রাখা হতে পারে।