অসমের একটি গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা অরুণাচল প্রদেশের অন্তর্ভুক্ত, দেখাচ্ছে গুগল মানচিত্র

135

নিউজ ডেস্কঃ অসম-অরুণাচল সীমান্তে ফের উত্তেজনা। এবার গুগল মানচিত্রে অসমের একটি গ্রাম সহ বিস্তীর্ণ এলাকাকে অরুণাচল প্রদেশের অন্তর্ভুক্ত বলে দেখানো হয়েছে। এনিয়ে নতুন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।
আন্তঃরাজ্য সীমা বিবাদকে ফের উস্কে দিতে পারে এমন ঘটনা, তাই অচিরেই অসম এবং অরুণাচল দুই রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছে বিভিন্ন দল, সংগঠন।
সীমা বিবাদের আরও এক অধ্যায়। তাহলে কি অসম-অরুণাচল সীমা বিবাদ মিটবে না কোনওদিন? সীমা বিবাদ ক্রমশ সমাধানের পথে, দাবি অসম সরকারের। কিন্তু বাস্তব পরিস্থিতি পুরোপুরি অন্য কথাই বলছে।
কিছুদিন আগেই বিহালিতে তান্ডব চালিয়েছিল অরুণাচলের দুষ্কৃতীরা। এরপরই ধেমাজিতে গুলিবিদ্ধ হন অসমের বাসিন্দারা। গোগামুখের অসম-অরুণাচল সীমান্তবর্তী এলাকায় আন্তঃরাজ্য সীমা বিবাদকে কেন্দ্র করে সংঘটিত উত্তেজনা শেষ হতে না হতেই জোনাইয়ের সীমান্ত এলাকা নিয়ে ফের উদ্বেগ দেখা দিয়েছে।
জোনাই সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নতুন এক সমস্যার জন্য। কী সেই সমস্যা এবার দেখে নেওয়া যাক। গুগল মানচিত্রে অসমের গ্রাম, বিস্তীর্ণ এলাকাকে অরুণাচলের অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে। এনিয়ে নতুন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সীমান্তবর্তী এলাকার অসমিয়া বাসিন্দারা।

অসমের জোনাই এবং অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী কোকসিন চেক গেট থেকে ঐরামঘাট পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ এলাকাকে অরুণাচল প্রদেশের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সীমান্তবর্তী এই মানচিত্রে অসমের কেমি গ্রামকে পুরোপুরি অরুণাচল প্রদেশের ভেতরে বলে দেখানো হয়েছে।
এখানেই শেষ নয়, পোবা বনাঞ্চল তথা ৫১৫ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা অসমের গ্রামের প্রায় ২০০ মিটার এলাকাও গুগল মানচিত্রে অরুণাচল প্রদেশের অন্তর্ভুক্ত বলে দেখানো হয়েছে
এই ঘটনার পেছনে কাদের হাত রয়েছে এটা স্পষ্ট নয় এখনও। তবে এমন ঘটনা ফের আন্তঃরাজ্য সীমা বিবাদের সংঘাতকে উস্কে দিয়েছে এনিয়ে কোনও সন্দেহ নেই। গোটা এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র সংগঠন। বিষয়টি নিয়ে অসম এবং অরুণাচল সরকারের হস্তক্ষেপ চেয়েছে তারা।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনে অসম বিধানসভায় ক্যাবিনেট মন্ত্রী অতুল বরার তুলে ধরা তথ্য অনুযায়ী, ইতিমধ্যে অসমের ১৬,১৪৪ হেক্টর জমি জবরদখল করে বসে আছে অরুণাচল। গুগল মানচিত্রে অসমের এলাকা অন্তর্ভুক্ত করা, তাহলে কি একটা ষড়যন্ত্র?
সীমা বিবাদের মীমাংসা হোক, এটা চাইছেন সবাই। অরুণাচলের দখলে থাকা অসমের জমি ফিরিয়ে দেওয়া হোক। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকা সুরক্ষিত হোক, দুটি রাজ্যের সাধারণ মানুষ এটা চাইলেও সরকার পক্ষ কি এটা চায়? সীমা বিবাদের স্থায়ী সমাধান কি চায় সরকারপক্ষ, এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন।