শেক্সপিয়র সরণি থানায় হাজিরা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

29

পৃথা দাশগুপ্ত,কলকাতা: আজ বেলা বারোটা নাগাদ শেক্সপিয়ার সরণি থানায় আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । গাড়ি থেকে নেমে জিজ্ঞাসাবাদের জন্য সোজা থানার ভেতরে চলে যান তিনি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসা বাউন্সারদের থানার ভেতরে ঢুকতে দেওয় হয়নি। অভিষেক বন্দ্যোপধ্যায়কে ডেকে পাঠানোর প্রতিবাদে থানার বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা।

ক্যামাক স্ট্রিটকাণ্ডে নোটিশ পাঠানো হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি নোটিশ পাঠানো হয় ডেরেক ও ব্রায়ান এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে। ‌সেই নোটিশের জবাবে আজ নির্ধারিত সময়ে থানায় হাজিরা দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৃণমূলের নাম লেখা হোর্ডিং খুলতে যায় পুরসভা এবং পুলিশ৷ হোর্ডিং খুলতে বাধা দেন তৃণমূল কর্মী সমর্থকরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

পুলিশের সঙ্গে তৃণমূলকর্মীদের তুমুল বচসা, ধস্তাধস্তি। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ পুলিশ এবং পুরসভার কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

পাশাপাশি মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানির চেষ্টারও অভিযোগ ওঠে৷ ক্যামাক স্ট্রিট কাণ্ডে ইতিমধ্যেই তিনটি মামলা দায়ের হয়েছে৷ এর মধ্যে দুটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে বলে পুলিশের সূত্রের খবর।

ক্যামাক স্ট্রিটের ঘটনা নিয়ে শুক্রবারই কলকাতা হাইকোর্টে জরুরি মামলা করে কালীঘাট তৃণমূল৷ যদিও সেই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট৷

আজ গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একা গেলেও, বৃষ্টি মাথায় নিয়ে প্রচুর কর্মী-সমর্থক ভিড় করেন থানার সামনে। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে স্লোগান তোলেন ।

প্রায় দু ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে প্রক্রিয়া চলছে। তবে এই ঘটনায় ডেরেক ও ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ আর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা কবে থানায় হাজিরা দেন সেদিকেই নজর সকলের।