বড়বাজারে হঠাৎ হানা ইবি এবং ড্রাগ কন্ট্রোলের , অভিযোগ বাজারে ছড়িয়ে জাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ
পৃথা দাশগুপ্ত,কলকাতা : এবার ভেজাল ওষুধের কারবার হাতেনাতে পাকড়াও করতে বড়বাজারে হানা দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। দুই সংস্থার আধিকারিকরা মেহতা বিল্ডিংয়ের বিভিন্ন দোকানে যান। একেবারে ওষুধ ধরে ধরে সমস্ত নথি খতিয়ে দেখেন। কোন্ ওষুধের এক্সপায়ারি ডেট ফুরিয়ে গেছে তাও লক্ষ্য করেন তাঁরা। এমনকী নিষিদ্ধ কোনও ড্রাগ কিংবা জাল ওষুধ বিক্রি হচ্ছে কিনা তাও শীর্ষ আধিকারিকরা খতিয়ে দেখেন বলে জানা গিয়েছে।
এটা সর্বসম্মতিক্রমে জানা, বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে বেশ খানিকটা সস্তায় ওষুধ পাওয়া যায়। এখান থেকেই রাজ্যের বিভিন্ন দোকানে ওষুধ পাইকারি দরে সাপ্লাই হয়। বিগতদিনে বিভিন্ন সময়ে ভেজাল ওষুধের কেলেঙ্কারি সামনে এসেছে। অনলাইন সস্তায় ওষুধ বিক্রির নামে জাল ওষুধ বিক্রির বড়সড় দুর্নীতিও কলকাতায় ঘটেছে।
এই পরিস্থিতিতে আজ রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা যৌথ হানা । ওষুধের ব্যাচ নম্বর মিলিয়ে দেখার পাশাপাশি কোনও জাল ওষুধ বিক্রি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন তাঁরা । এখানেই শেষ নয়, মেয়াদ ফুরানো ওষুধ বিক্রি হচ্ছে কিনা সেটাও নজরে ছিল আধিকারিকদের।
সামনেই দুর্গাপুজো। তাঁর আগে শহরের বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। গত ৭ দিন ধরেই রাজ্যজুড়ে বহু ছোট-বড় রেস্তরাঁ, রাস্তার পাশের খাবারের দোকানে হানা দিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তার মধ্যেই বড় বাজারে ভেজাল ওষুধের খোঁজে নেমে পড়ল রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।