অসমে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ৫

25

নিউজ ডেস্ক: অসমের নগাঁও জেলায় বিক্ষুব্ধ জনতা ভাঙল পুলিশের গাড়ি। অভিযোগ পেয়ে এক ব্যক্তিকে ধরতে গিয়ে আক্রমণের শিকার হয় পুলিশ। জনতার আক্রমণে খাতোয়াল থানার ওসি সহ পাঁচ পুলিশকর্মী আহত।
ঘটনাটি ঘটেছে গেরুয়াটি এলাকায়। বারবার তলব করা সত্ত্বেও জনৈক রশিদুল হক থানায় হাজির হননি বলে তাঁকে ধরতে গিয়েছিল পুলিশ। পুলিশের দাবি, অভিযানের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এরপর হকের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। হট্টগোলের সুযোগ নিয়ে অভিযুক্ত হক এবং এই ঘটনায় জড়িত সন্দেহে আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই হামলায় আহত হয়েছেন খাতোয়াল থানার পুলিশ বিষ্ণু দেউরি, হেড কনস্টেবল আজগর আলি, নায়েক আরিদুল ইসলাম, ল্যান্সনায়েক জাহাঙ্গির আহমেদ এবং পুলিশের গাড়ির চালক সাহিল আহমেদ।
পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে। এঁদের মধ্যে রয়েছেন রশিদুল হকের মা হাজারা খাতুন এবং ইমাম হোসেন ও মহিদুল ইসলাম নামে আরও দুজন।
পশু পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রশিদুল হককে তলব করেছিল পুলিশ।