পরিযায়ী শ্রমিকদের জন্য কড়া নিয়ম মেঘালয়ে

32

নিউজ ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের জন্য কড়া নিয়ম করতে চলেছে মেঘালয়। মেঘালয়ের শ্রমমন্ত্রী মেথোডিয়াস খাড় পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন ও সুরক্ষা বিষয়ক সংশোধিত নিয়মাবলি চালু করেছেন। তিনি জানান যে, নতুন নিয়ম সরকারকে তাদের কর্মস্থল শনাক্ত করতে এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে সহায়তা করবে।
নতুন নিয়মাবলি সম্পর্কে খাড় বলেন যে, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এমন হওয়া উচিত যা শ্রমিক বা মালিকের জন্য অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি না করে বরং শ্রমিকদের কল্যাণকে সুদৃঢ় করবে।
খাড় বলেন, রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে সরকার জানতে পারে পরিযায়ী শ্রমিকরা কোথায় কর্মরত আছে এবং জরুরি পরিস্থিতিতে তাদের সহায়তা করা সম্ভব হয়। এইসঙ্গে তিনি বলেন যে, এই প্রক্রিয়াটি যেন কোনোভাবেই হয়রানির হাতিয়ার হয়ে না ওঠে।
সংশোধিত নিয়মাবলিতে পুলিশ ও শ্রম দফতরের মধ্যে আরও নিবিড় সমন্বয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। খার বলেন, পরিযায়ী শ্রমিকদের প্রতি হয়রানি, ভীতি প্রদর্শন, বৈষম্য, শারীরিক আঘাত বা অন্যান্য বেআইনি কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগ অবিলম্বে নথিভুক্ত হবে এবং আইন অনুযায়ী সেগুলোর তদন্ত করতে হবে।
মন্ত্রী খাড় বলেন, মেঘালয় এবং পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যের মধ্যে আরও ভালো সমন্বয় থাকতে হবে, শ্রমিকদের শনাক্তকরণ, তথ্য যাচাই, জরুরি সহায়তা এবং কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে।
মেঘালয়ের অর্থনীতিতে পরিযায়ী শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ এবং তারা নির্মাণকাজ, পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, আতিথেয়তা, কৃষি ও উৎপাদন শিল্পের মতো বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত রয়েছে। তাদের নিরাপত্তা ও কল্যাণকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, বলেন খার।
প্রসঙ্গত, মেঘালয়ের বিভিন্ন এলাকায় অসমের প্রচুর শ্রমিক কাজ করে। সম্প্রতি শিলংয়ে অসমের গাড়ির ওপর আক্রমণের পর পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন প্রসঙ্গে বিক্ষোভ দেখিয়েছিল মেঘালয়ের বিভিন্ন সংগঠন।