পালাতে গিয়ে মৃত্যু রামানুজের, দাবি পুলিশের

45

নিউজ ডেস্ক: স্ত্রী হত্যায় অভিযুক্ত রামানুজ গোস্বামী পুলিশের গাড়ি থেকে পালাতে গিয়ে মারা গেছে, দাবি ডিসিপি (পূর্ব) টাবু রাম পেগুর। তিনি বলেছেন, মেডিক্যাল পরীক্ষার জন্য ধৃত রামানুজ গোস্বামীকে রাত দুটো নাগাদ হাতিগাঁও থেকে ভাঙাগড়ের গুয়াহাটি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় পুলিশের গাড়ির টায়ার পাংচার হয়। এক কনস্টেবলকে আক্রমণ করে পালাতে যায় রামানুজ। তারপর নরকাসুর পাহাড় থেকে খাদে লাফ দেয়।
ডিসিপি পেগু বলেন, টায়ার পাংচার হওয়ায় নতুন টায়ার লাগানোর জন্য গাড়িটি থেমেছিল। তখন গাড়িটি ছিল নার্সিং কলেজের সামনে। তখন কনস্টেবলকে লাথি মেরে গাড়ির দরজা খুলে পালায় রামানুজ। গাড়ি থেকে লাফিয়ে নামতে গিয়ে চোট পায় রামানুজ তারপর খাদের দিকে লাফ দেয়।
গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট দেবজিৎ চৌধুরী বলেছেন, ভোর ৩.৪২-এ রামানুজ গোস্বামী নামে একজনকে নিয়ে আসা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল জরুরি ওয়ার্ডে। কিন্তু তাঁকে আনাই হয়েছিল মৃত অবস্থায়। তাঁর শরীরে অনেক ট্যাটু ছিল। তবে কোনও বুলেটের আঘাত ছিল না।
ঘটনাচক্রে রামানুজের বাড়ি গৌরীপুরে আজকেই হওয়ার কথা ছিল তাঁর স্ত্রী রিয়া তালুকদারের আদ্যশ্রাদ্ধ। যাঁকে খুন করেছে বলে অভিযোগ রামানুজের বিরুদ্ধে। রামানুজের বাবা বলেছেন, আমার ছেলে আত্মসমর্পণ করেছিল। তাহলে পালাতে যাবে কেন? এটা দুর্ঘটনা নয়, এনকাউন্টার।