নন্দীগ্রামে বিজেপির প্রার্থী নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ

15

পৃথা দাশগুপ্ত: নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। আজ বিজেপির তরফে আনুষ্ঠানিক ঘোষণা করে জানানো হয়েছে। আজ দুপুরেই হলদিয়া মহকুমা শাসকের দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেবেন হাসিরানি রথ।‌

চন্দ্রনাথ রথের খুনের তদন্ত চলছে। আজ সকালে এই খবর ছড়িয়ে পড়ার পর রেয়াপাড়ার শিবমন্দিরে পুজো দেন চন্দ্রনাথের মা। এরপর নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরেও পুজো দেন তিনি।

তিনি জানান, দল তাঁকে প্রার্থী করায় তিনি খুশি। আগামী ৬ অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন। প্রায় সব দলই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে।

হাসিরানি নিজেও জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারী চাইলে তিনি প্রার্থী হতে রাজি। আজ সকাল ১১টা নাগাদ হলদিয়ার কদমতলায় সভা করবেন শুভেন্দু অধিকারী। দলীয় কর্মসূচি শেষে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে কদমতলা থেকে প্রায় দু’কিলোমিটার পদযাত্রা করে হলদিয়া মহকুমা শাসকের দফতরে যাওয়ার কথা তাঁর। সেখানেই হাসিরানি রথ মনোনয়ন জমা দেবেন।

রবিবার নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেস৷ তার ২৪ ঘণ্টার মধ্যেই দু-টি বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস৷

রেজিনগরে পদ্মপ্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদের প্রাক্তন বিজেপি সভাপতি তথা দলের রাজ্য কমিটির সদস্য শাখারভ সরকারকে।