উপনির্বাচনের প্রার্থী ঘোষণা ঋতব্রত শিবিরের

23

পৃথা দাশগুপ্ত, কলকাতা: নন্দীগ্রাম এবং রেজিনগর – দুই কেন্দ্রের উপনির্বাচন। এবার প্রার্থী ঘোষণা করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন মহম্মদ এতেশামুল হক। রেজিনগরে প্রার্থী হলেন সফিউদ্দিন শেখ।
যদিও প্রতীক নিয়ে জটিলতা এখনও কাটেনি।‌

নির্বাচন কমিশন ইতিমধ্যে কালীঘাট এবং ঋতব্রত – দুই শিবিরের সঙ্গেই বৈঠক করেছে। কিন্তু জোড়াফুল প্রতীক কারা পাবে, তা নিয়ে কোন‌ও সিদ্ধান্ত হয়নি। কালীঘাট তৃণমূল রবিবার নন্দীগ্রাম থেকে সঞ্চিতা প্রধানকে এবং রেজিনগরে রবিউল আলম চৌধুরীকে প্রার্থী ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই ঋতব্রত শিবির তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করলেন। ‌

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর, এই দুই কেন্দ্রে উপনির্বাচন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে এবং ১৯ সেপ্টেম্বর হল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীরের ইস্তফা দেওয়ার ফলেই এই দুই আসনে উপনির্বাচন হচ্ছে। বামেরা জানিয়েছে, নন্দীগ্রাম আসনটি জোট শরিককে ছেড়ে দিয়েছে সিপিআইএম। বামফ্রন্টের শরিক দল সিপিআই-এর প্রার্থী হিসেবেই এই আসনে লড়বেন শান্তিগোপাল গিরি। আর মিলন প্রধানের নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস।

অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনেও সিপিআইএম প্রার্থী হিসেবে লড়বেন বিশিষ্ট আইনজীবী সৈয়দ।

আগামী ১৬ সেপ্টেম্বরই রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। কমিশন জানিয়েছে, নথিপত্র খতিয়ে দেখার পর যদি প্রয়োজন বোধ হয়, তবে ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টেয় দিল্লি নির্বাচন সদনে বিশেষ শুনানির আয়োজন করা হবে। তার পরেই প্রতীক সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। এখন উপনির্বাচনে প্রতীক কারা পায় সেদিকেই নজর সকলের।