শ্রীরামপুর কোর্ট ময়দানে মমতাকে সভার অনুমতি কলকাতা হাই কোর্টের

39

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুর কোর্ট ময়দানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে শর্তসাপেক্ষে ।‌ সভা করতে হবে বিকেল ৪ টে থেকে ৬ টার মধ্যে। ১০০০ সমর্থকের বেশি জমায়েত করা যাবে না। সভা থেকে কোনও অপ্রীতিকর মন্তব্য করা যাবে না।

১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে কর্মসূচির ঘোষণা করেছিল কালীঘাট তৃণমূল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের‌ও থাকার কথা । সেই সভার অনুমতিকে কেন্দ্র করে জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত।

আজ সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে । রাজ্যের তরফে জানানো হয় ২৬ সেপ্টেম্বরে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত এই সভা করতে কোনও সমস্যা নেই। তবে জেড ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা করা সম্ভব নয়। ৫০০ জনের বেশি জমায়েত করা যাবে না।

বিচারপতি পাল্টা বলেন, ১০০০ মানুষের জমায়েত করার অনুমতি দেওয়া হচ্ছে। এটা শোনার পরেই রাজ্য তীব্র বিরোধিতা করে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের দেওয়া প্রস্তাবে বিরোধিতা করে বলেন, সঙ্গীত অনুষ্ঠানে ২০০০ মানুষের জমায়েত হয়েছিল। তাই এত কম সংখ্যায় মানুষের জমায়েত করে সভা করা সম্ভব নয়।

সব পক্ষের কথা শোনার পর ২৬ তারিখ শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।

আদালত স্পষ্ট করে জানায়,

মামলাকারী বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত সভা করতে পারবে।

কোনও অপ্রীতিকর মন্তব্য করা যাবে না।

আগামী ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার মধ্যে ১০ জন স্বেচ্ছা সেবকের নাম, মোবাইল নম্বর জমা দিতে হবে।

বেশী বড় মঞ্চ করা যাবে না।

১০০০-এর বেশি জমায়েত করা যাবে না।

সভা হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চ খুলে নিতে হবে।

কলকাতা হাইকোর্ট সেই শর্ত দেওয়ার পর জমায়েতের নির্দেশিকার বিরোধিতা করেন মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁর সঙ্গে তীব্র বাদানুবাদ হয় অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্যের।
শেষে কলকাতা হাইকোর্ট নির্দেশ শর্তসাপেক্ষে এই মামলা করার অনুমতি দেয়।‌