পৃথা দাশগুপ্ত: নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি ছিলেন বহুদিন । ২০২৫ এর শেষে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিনের শর্ত অনুযায়ী, তাঁর আদালতে হাজিরা দেওয়ার কথা। কিন্তু তিনি তা করছেন না বলে অভিযোগ।
আজও পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেননি। লাগাতার জামিনের শর্ত লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজের আবেদন নিয়ে আজ আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই ।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি, তিনি এই মুহূর্তে অসুস্থ। তাই নিয়মিত আদালতে হাজিরা দিতে পারছেন না। আগামী ২৯ সেপ্টেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা, সেইদিন কী হাজিরা দেবেন পার্থ চট্টোপাধ্যায়?
এসএসসি দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে প্রথমে ইডি, পরে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালীন তার আগেই পার্থ নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে শিক্ষা দুর্নীতির শিকড় কতটা গভীরে ছিল, তার একাধিক প্রমাণ মেলে পার্থ ঘনিষ্ঠ নানা ব্যক্তির বয়ানে। সেই মামলায় দীর্ঘ তিনবছর জেলবন্দি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।
২০২৫ সালের নভেম্বরে শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে সিবিআইয়ের বিশেষ আদালত। শর্ত ছিল, মামলার শুনানি চলাকালীন তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।
কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এই শর্ত মানেননি বলে অভিযোগ। তাই সিবিআই তাঁর জামিন খারিজের আবেদন জানিয়ে আদালতে মামলা করে।