জোড়াফুল প্রতীক আপাতত হাতছাড়া মমতার, পেলেন না ঋতব্রতও, দলের নাম ব্যবহারেও অনুমতি নেই কারোর, তৈরি করতে হবে নতুন নাম এবং প্রতীক

25

পৃথা দাশগুপ্ত,কলকাতা:তৃণমূলের প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন। আপাতত দুই কেন্দ্রের উপনির্বাচনে জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না তৃণমূলের দুই শিবির। অন্য প্রতীকে লড়তে হবে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামও ব্যবহার করা যাবে না। বেছে নিতে হবে বিকল্প নাম। অন্তর্বর্তী নির্দেশ নির্বাচন কমিশনের।

রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস দ্বিখন্ডিত। কে আসল তৃণমূল? কার হাতে থাকবে নাম-প্রতীক? এই নিয়ে রাজনীতির পারদ তুঙ্গে।

আজ রাতে তৃণমূলের দুই শিবিরকেই ডেকে পাঠায় নির্বাচন কমিশন। দুই পক্ষের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন অন্তর্বতী সিদ্ধান্ত জানিয়ে দেয়।‌

অন্তর্বর্তী নির্দেশে কী বলেছে নির্বাচন কমিশন?

আপাতত কোনও শিবির “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস” নাম ব্যবহার করতে পারবে না।

কোনও শিবিরই নির্বাচনী প্রতীক ব্যবহার করতে পারবে না অর্থাৎ জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবে না।

নিজেদের জন্য ভিন্ন ভিন্ন নাম বেছে নিতে পারবে দুই শিবির।

প্রয়োজনে তাঁদের নাম মূল দল “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস”-এর সঙ্গে যুক্ত করতে পারবে।

চলতি উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক বিজ্ঞাপিত অবাধ নির্বাচনী প্রতীকের তালিকা থেকে উভয় পক্ষের প্রার্থীদের পৃথক প্রতীক বরাদ্দ করা হবে।

কমিশন উভয় পক্ষকে ১৮ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের দলের নামের জন্য তিনটি বিকল্প জমা দিতে বলেছে।

প্রত্যেক পক্ষকে তিনটি বিকল্প ও পছন্দের নাম নির্বাচন কমিশনে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূল শব্দ ব্যবহার করে নাম দিতে পারবে দুই পক্ষ। তবে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামটি ব্যবহার করতে পারবে না কোনও পক্ষ।

উভয় পক্ষকে তাদের প্রার্থীদের জন্য তিনটি পছন্দের নির্বাচনী প্রতীকও জমা দিতে হবে।

কমিশন চলতি উপনির্বাচনের জন্য এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।‌

উল্লেখ্য, আগামীকাল সকালে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে কালীঘাট তৃণমূল। আজ রাতেই সেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

দলের প্রতীক জোড়াফুল চিহ্ন নিজের হাতে এঁকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতীকই এখন তাঁর হাতে রইল না। ১৯৯৮ সালের পর পথ চলা শুরু হয়েছিল তৃণমূলের। ২৮ বছর পর পশ্চিমবঙ্গে কোনও ভোট হবে জোড়াফুল চিহ্ন ছাড়াই।