মুকেশ অম্বানির সঙ্গে বাণিজ্য নগরীতে হাইভোল্টেজ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

41

পৃথা দাশগুপ্ত,কলকাতা:রাজ্যে ক্ষমতায় আসার পরেই শিল্পায়নে লগ্নি টানতে উদ্যোগী বিজেপি সরকার। জোর দেওয়া হয়েছে বড় শিল্পের ক্ষেত্রে। বিভিন্ন শিল্পগোষ্ঠী ও শিল্পপতিদের সঙ্গে বৈঠকও হয়েছে।

এবার আর‌‌ও বড় পদক্ষেপ । শিল্পপতি মুকেশ অম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অম্বানিদের বাসভবনে এই হাইভোল্টেজ বৈঠক হয়। বাংলায় রিলায়েন্সের মাধ্যম ব্যবসার বিস্তার ও বিনিয়োগের লক্ষ্যে এই বৈঠক বলে সূত্রের খবর।

পালাবদলের পর রাজ্যে বিনিয়োগ নিয়ে রাজ্য সরকারের চিন্তাভাবনা ছিল সুদূর প্রসারিত। রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে ব্যবসায়িক পরিধি যাতে বাড়ানো যায়, ব্যবসার ক্ষেত্রে যাতে চুক্তিবদ্ধ হওয়া যায়, তার ফলে যদি রাজ্যে বিনিয়োগ আসে সেই কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন‌ তিনি।‌

বিজেপি সূত্রের খবর, মুকেশ অম্বানির সঙ্গে দেখা হওয়ার পর মা কালীর মূর্তি উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী।‌ বিমানবন্দর থেকেই মুকেশ অম্বানির বাসভবন অ্যান্টিলিয়া-তে পৌঁছন তিনি। সেখানেই মুকেশ অম্বানির সঙ্গে হাই ভোল্টেজ বৈঠক হয়।

অম্বানিদের সঙ্গে শুভেন্দুর সাক্ষাতের ছবিতে মুকেশ অম্বানি ও অনন্ত অম্বানির সঙ্গে সৌজন্যের মুহূর্ত ধরা পড়েছে। অম্বানিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আর্জি জানিয়েছেন বলে সূত্রের খবর।

আগামী দিনে আরও বড় বড় শিল্প আসবে রাজ্যে, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।