স্মিত মাচ্ছর নায়ক, প্রশংসায় নরেন্দ্র মোদী

42

নিউজ ডেস্ক: মুখে-পেটে ছুরির আঘাতের পরও ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট স্মিত মাচ্ছর। যিনি আদতে মুম্বাইয়ের বাসিন্দা। স্মিতের পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে লিখেছেন, ক্যাপ্টেন স্মিত মাচ্ছর প্রকৃত নায়ক। চরম বিপদের মুখে এবং গুরুতরভ আহত হওয়া সত্ত্বেও, তিনি অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন। তাঁর এই বীরত্ব শত শত মানুষের জীবন বাঁচাতে এবং এক বড় বিপর্যয় এড়াতে সহায়তা করেছে। অন্যদের প্রাণরক্ষার দায়িত্ব থেকে বিচ্যুত হননি। ভারত ক্যাপ্টেন মাচ্ছরের জন্য গর্বিত। তাঁর দ্রুত আরোগ্য, নতুন শক্তি লাভ এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাই-এর ফ্লাইট FZ1073-এর ক্যাপ্টেন মাচ্ছারকে বুধবার মাঝ আকাশে তাঁরই কো-পাইলট ছুরি মারেন। ছুরি লাগে স্মিতের মুখে-পেটে। ওই অবস্থায় তিনি ককপিটের দরজা খুলে দেন। তখন বিমানটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় ১৪,০০০ ফুট নীচে নেমে যায়। সামনে বসা এক ইজরায়েলি যাত্রী ককপিটে উঁকি দিয়ে দেখেন মুখে-পেটে-হাতে ছুরির আঘাতে রক্তাক্ত স্মিত। অন্য যাত্রীরা এসে স্মিতকে ককপিটের বাইরে নিয়ে আসেন এবং আক্রমণকারীকে নিরস্ত্র করেন। ওই উড়ানে যাত্রী হিসেবে ছিলেন ফ্লাইদুবাইয়ের কয়েকজন পাইলট। তাঁরাই এরপর সৌদি আরবের তাবুকে বিমানের জরুরি অবতরণ করান। বিমানের ১৭৪ যাত্রীর সবাই শেষপর্যন্ত নিরাপদে ছিলেন।


ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাচ্ছারের ভূমিকার প্রশংসা করে বলেছেন, ছুরিবিদ্ধ হয়ে গুরুতর জখম হওয়া সত্ত্বেও উনি লড়ে গিয়েছিলেন। হামলা আটকানোর চেষ্টা করেন, ককপিটের দরজা খুলে দেন। এর ফলে যাত্রী এবং বিমানকর্মীরা ভিতরে ঢুকে হামলাকারীকে আটকাতে পেরেছিলেন। মাঝ-আকাশে বড় বিপর্যয় এভাবেই এড়ানো সম্ভব হয়েছে। অসাধারণ সাহসিকতার জন্য আমি স্মিত মচ্ছরকে অভিবাদন জানাচ্ছি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশংসা করেছেন স্মিত মাচ্ছরের। তিনি বলেছেন, পাইলট খুব খারাপ অবস্থায় ছিলেন। আমার মনে হয় তিনি এখনও খুব খারাপ অবস্থায় আছেন। আশ্চর্যজনকভাবে তিনি বিচারবুদ্ধি হারাননি। তিনি একজন নায়ক।
মুম্বাইয়ের বাসিন্দা মাচ্ছরের বোয়িং ৭৩৭ বিমান চালানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাঁর পেশাগত তথ্য অনুযায়ী, ২০২২ সালে ক্যাপ্টেন হিসেবে ‘ফ্লাইদুবাই’-এ যোগ দেওয়ার আগে তিনি ১১ বছরেরও বেশি সময় ‘স্পাইসজেট’-এ কর্মরত ছিলেন। তাঁর প্রোফাইল অনুযায়ী, তাঁর প্রায় ৯,৭৫০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে।