পৃথা দাশগুপ্ত: বামেদের সভাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল বিরাটি। শুক্রবার রাতে বণিক মোড়ে বামেদের সভামঞ্চ ভাঙচুরের পাশাপাশি অভিযোগ, ভাঙা হয় চেয়ার, ছিঁড়ে ফেলা হয় ব্যানার, ছিঁড়ে ফেলা হয় গান্ধীর ছবিও। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, দীপ্সিতা ধরকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। বেশ কয়েকজন সিপিএম কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।
সি পি এমের অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। পুলি়শের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ বামেরা। পুলিশ নীরব দর্শক হয়ে ছিল বলে অভিযোগ বামেদের। শুক্রবার গান্ধী জয়ন্তী উপলক্ষে বিরাটির বণিক মোড়ে পথসভার আয়োজন করেছিল সিপিএম। বক্তৃতা দিতে যাওয়ার কথা ছিল সুজন চক্রবর্তীরও। কিন্তু, তার আগেই সেখানে ধুন্ধুমার পরিস্থিতি ঘটে। অভিযোগ, সভা চলাকালীন আচমকা হামলা চালায় কয়েকজন। কেন হামলা চালানো হল, কে বা কারা হামলা চালাল প্রশ্ন উঠছে।
মুহুর্তের মধ্যে ভেঙে ফেলা হয় চেয়ার, মঞ্চ। চলে ইটবৃষ্টি। ছিঁড়ে ফেলা হয় ব্যানার। গান্ধীর ছবি ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের রীতিমতো খণ্ডযুদ্ধ চলে বলে অভিযোগ। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।