সিজেপির ক্রিয়াকলাপ অসমের স্বার্থবিরোধী: হিমন্ত

36

নিউজ ডেস্ক: অসমে ককরোচ জনতা পার্টির সাম্প্রতিক ক্রিয়াকলাপ রাজ্যের স্বার্থবিরোধী, মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। একইসঙ্গে রাইজর দলের বিধায়ক অখিল গগৈয়ের ধর্না নিয়েও কটাক্ষ করেছেন হিমন্ত।
বঙাইগাঁও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করে হিমন্ত বিশ্ব শর্মা সিজেপির ক্রিয়াকলাপ নিয়ে বলেন,
শুধু আসুই নয়, আমিও সিজেপির সমালোচনা করেছি। সিজেপির ক্রিয়াকলাপ অসমের জনগণের স্বার্থের পরিপন্থী।
মুখ্যমন্ত্রী বিজেপি এবং অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)-এর মধ্যে কোনও বোঝাপড়া থাকার সম্ভাবনাও নাকচ করে দেন। তিনি জানান, ছাত্র সংগঠন বা অন্যান্য সংগঠনের বিষয়ে তাঁর মতামত নির্দিষ্ট কোনও বিষয়ের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে।
হিমন্ত বলেছেন, আসু এবং বিজেপির মধ্যে কোনও সম্পর্ক নেই। কিছু বিষয়ে আমি আসুকে পছন্দ করি, আবার কখনো কখনো অখিল গগৈকেও পছন্দ করি। আমাদের পছন্দ-অপছন্দ নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করেই নির্ধারিত হয়।
অসমে বেশ কিছু প্রতিষ্ঠিত ছাত্র ও সামাজিক সংগঠনের উপস্থিতির কথা উল্লেখ করে হিমন্ত সিজেপির প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, সিজেপির সঙ্গে অসমের কোনও সম্পর্ক নেই। অসমে ইতিমধ্যেই আসু, আবসু, কোচ-রাজবংশী সংগঠন, রাভা স্টুডেন্টস ইউনিয়ন এবং আরও কয়েকটি ছাত্র সংগঠন রয়েছে।
আসু-ও প্রকাশ্যে সিজেপির সঙ্গে তাদের আদর্শগত মতপার্থক্যের কথা তুলে ধরেছে।
অখিল গগৈয়ের বিক্ষোভে কংগ্রেস বিধায়কদের উপস্থিতি নিয়ে কটাক্ষ করে হিমন্ত বলেন, এই ঘটনাটি নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের সঙ্গে সম্পর্কিত।
হিমন্ত বলেন, এসব তো ওদের মধ্যে চলেই। আগামীকাল নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, তাই কংগ্রেস বিধায়করা আজ এসেছেন। পরশু হয়তো তাদের মধ্যে আবার কোনো বিবাদ দেখা দেবে।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বর্ধিত ক্ষতিপূরণের দাবিতে অখিল গগৈ অসম বিধানসভা চত্বরে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।