লাভলীনাকে ৫০ লক্ষ টাকা পুরস্কার অসম সরকারের

34

নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার লাভলীনা বরগোহাঁইকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দিয়েছে অসম সরকার। এশিয়ান গেমসে সোনা জয়ের পর বক্সার লাভলীনা বরগোহাঁইয়ের হাতে ৫০ লক্ষ টাকার চেক তুলে দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে লাভলীনাকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে।
মহিলাদের ৭৫ কেজি বিভাগে জয়ের পর নিজের রাজ্য অসমে ফেরার পর লোকসেবা ভবনে লাভলীনাকে সংবর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, লাভলীনার সাফল্য দেশের জন্য গর্বের বিষয় এবং এটি পরবর্তী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে।
লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে লাভলীনাকে সাদর অভ্যর্থনা জানানো হয়। লাভলীনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী বিশ্বজিৎ দৈমারি, অসম বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, লাভলীনার পরিবারের সদস্য এবং সমর্থকরা।
বিমানবন্দরে কংগ্রেসও লাভলীনা বরগোহাঁইকে সংবর্ধনা জানায়। প্রবীণ কংগ্রেস নেত্রী প্রণতি ফুকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গামোছা, ফুলের তোড়া এবং জাপি দিয়ে লাভলীনাকে স্বাগত জানায়। উপস্থিত ছিলেন প্রবীণ নেতা বিপুল গগৈ, বেদব্রত বরা, উদিতভানু দাস ও গুণকান্ত। ছিলেন মৌসুমী নেওগ এবং দেবজিৎ ডেকা।
২ অক্টোবর নিজের জন্মদিনে ৭৫ কেজি বিভাগের ফাইনালে চীনের বাও জিয়িকে ৫-০ ব্যবধানে হারিয়ে লাভলীনা বরগোহাঁই সোনা জেতেন এশিয়াডে। ২০১৪ সালে এমসি মেরিকমের পর এশিয়ান গেমসে সোনা জয়ী দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হলেন লাভলীনা বরগোহাঁই।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লাভলীনা এর আগে ২০২২ সালে হাংঝু এশিয়ান গেমসে একই বিভাগে রুপো পেয়েছিলেন।