আদালতের ভর্ৎসনায় দাম কমল ক্যানসারের ওষুধের

24

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার পর ক্যানসারের বেশকিছু ওষুধের দাম কমল প্রায় ৯০ শতাংশ। ৮০ হাজারের মহার্ঘ ওষুধের দাম এখন হয়েছে ৭ হাজার ১৫০ টাকা! ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ১৩৭টি গোত্রের ৫৪৩টি ওষুধের দাম ৯০ শতাংশ পর্যন্ত কমার কথা জানিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। ৯ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।
জীবনদায়ী ওষুধ এমআরপি দামে বিক্রি করা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। ২২ সেপ্টেম্বর সেই মামলার শুনানিতে ক্যানসারের ওষুধের অস্বাভাবিক দাম নিয়ে ভর্ৎসনা করেছিল বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ। শুনানিতে বিচারপতি মেহতা জানান, ক্যানসারের এমন ওষুধ রয়েছে যা উৎপাদনকারী সংস্থা খুচরো বিক্রেতাকে ২,৭০০ টাকায় বিক্রি করছে। কিন্তু সেই ওষুধেরই এমআরপি লেখা রয়েছে ২৭ হাজার টাকা! এরপর তিনি বলেছিলেন, ‘এটা দিনে ডাকাতি ছাড়া আর কী! রোগীর সঙ্গে এভাবে প্রতারণা করা যায়? যাঁদের এ বিষয়ে পদক্ষেপ করা দরকার এ ক্ষেত্রে তাঁদের নীরবতা দুর্ভাগ্যজনক।’
এর পরেই গত সপ্তাহে ১৩৭টি নন-শিডিউলড ক্যানসারের ওষুধে লাভের সীমা ৩০ শতাংশ বেঁধে দেওয়ার কথা ঘোষণা করে এনপিপিএ। একই মামলায় গত মঙ্গলবারের শুনানিতে বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চের প্রশ্ন ছিল, ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির উপরে সরকারি নজরদারি নেই কেন? এনপিপিএ-র ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত।
সংশোধিত তালিকায় স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম অনেকটা কমেছে। ‘পালবোব্রো’ ব্র্যান্ডের ১২৫ মিলিগ্রামের প্যাকের দাম ৪০ হাজার ৪২১ টাকা থেকে কমে হয়েছে ২ হাজার ৭২০ টাকা। দাম কমেছে প্রায় ৯৩.৩ শতাংশ। একই ওষুধের ১০০ মিলিগ্রামের প্যাকের ক্ষেত্রে ‘আইসোজেন’এর দাম কমেছে ৯১.৬ শতাংশ। স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত অ্যানাস্ট্রোজল ‘ওয়োমাজলে’র দামও ৪৫৮ টাকা ৮৫ পয়সা থেকে কমে হয়েছে ৩৯ টাকা ৫২ পয়সা।
তবে ইমিউনোথেরাপির ওষুধ ‘কিট্রুসডা’র দামে কোনও হেরফের ঘটেনি। এই ওষুধের দাম এখনও ২ লক্ষ ১৬ হাজার ৫০০ টাকাই রয়েছে। ২১ ধরনের ক্যানসারের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা যায় বলে জানাচ্ছেন ক্যানসার বিশেষজ্ঞেরা। স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ‘ক্রিক্সানা’র দামও রয়েছে একই, ২৪ হাজার ৪৩৫ টাকা। বস্তুত, সংশোধিত তালিকায় বহুজাতিক সংস্থাগুলির বহু ওষুধের নাম নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।