খানাপাড়ায় মহিলা হত্যায় মূল অভিযুক্ত গ্রেফতার

55

নিউজ ডেস্ক: খানাপাড়ায় মহিলাকে হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার। শনিবার গুয়াহাটির খানাপাড়ায় গণেশ মন্দিরের পাশে একটি বস্তায় এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়েছিল। সেই হত্যাকাণ্ডের তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এইসঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত কুঠার। বস্তায় ভরে মহিলার দেহ ফেলতে যে গাড়ি ব্যবহার করেছিল সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
জিনা বৈশ্য হত্যাকাণ্ডের অভিযোগে ধেমাজির বাসিন্দা ও পেশায় চালক প্রদীপ তায়েকে গ্রেফতার করেছে বশিষ্ঠ পুলিশ।
তদন্তকারীদের দাবি, প্রদীপ ও জিনার মধ্যে প্রায় ১০ বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। পুলিশ জানিয়েছে, এই সম্পর্কের জেরে উভয় পরিবারের মধ্যে বারবার বিরোধ সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতেই তায়ে জিনাকে হত্যার সিদ্ধান্ত নেন প্রদীপ।
খানাপাড়ায় গাড়িচালক হিসেবে কাজ করতেন প্রদীপ তায়ে এবং যে বাড়িতে জিনা বৈশ্য থাকতেন, সেখানেই তিনি ভাড়াটে হিসেবে বসবাস করতেন। তদন্তকারীদের দাবি, প্রদীপ হত্যার পরিকল্পনা করেছিলেন এবং নিজের গাড়িতে করে জিনাকে ঘুরতে নিয়ে যাওয়ার সময় তাঁকে হত্যা করেন।
ঘটনার দিন জিনাকে নিজের গাড়িতে বসিয়ে বেশ কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন জায়গায় ঘোরান প্রদীপ। এই সময় তিনি বেলতলা এলাকা থেকে একটি নতুন দা কিনে গাড়ির ভেতরে লুকিয়ে রাখেন বলে দাবি পুলিশের।
রাত আটটার দিকে তিনি মেয়েটিকে খানাপাড়ার গণেশ মন্দিরের কাছে একটি নির্জন স্থানে নিয়ে যান প্রদীপ তায়ে। পুলিশের দাবি, গাড়ির ভেতরেই তিনি মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন এবং এরপর তাঁর মরদেহ পাশের একটি খাদে ফেলে দেন।
তদন্তকারীদের দাবি, ঘটনার পর অভিযুক্ত স্বাভাবিক আচরণ করে সন্দেহ এড়ানোর চেষ্টা করেছিলেন। ঘটনার সময় ভুক্তভোগীর মোবাইল ফোনটি সঙ্গে না থাকায়, তাঁর গতিবিধি শনাক্ত করার মতো ডিজিটাল প্রমাণ শুরুতে তদন্তকারীদের হাতে ছিল না।
শনিবার গণেশ মন্দিরের কাছে স্থানীয় বাসিন্দারা একটি বস্তা থেকে বেরিয়ে থাকা পা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে।
দিশপুর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় এবং এডিসিপি অনুরাগ শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেন। তখন পর্যন্ত ভুক্তভোগীর পরিচয় বা লিঙ্গ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক পরীক্ষায় বোঝা যায় যে, মরদেহটি সেখানে ফেলার আগেই ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছিল।