ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ

27

পৃথা দাশগুপ্ত,কলকাতা:রাজ্যে আজ পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলায় আংশিক মেঘলা আকাশ। চার জেলায় কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

তাপমাত্রা ক্রমশ কমবে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। পশ্চিমাঞ্চলের জেলায় সকাল ও সন্ধ্যা শীতের আমেজ। আর কলকাতা সংলগ্ন এলাকায় মনোরম আবহাওয়া আগামী কয়েক দিন।

আগামীকাল দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হ‌ওয়ার সম্ভাবনা ।‌ এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে। ভারতের মৌসম ভবন শক্তিশালী নিম্নচাপের বার্তা দিয়েছে। তবে আবহাওয়ার বিভিন্ন মডেল জানাচ্ছে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে আকভান। যে নাম দিয়েছে ইরান।

বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামীকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। উইকেন্ডে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা।

আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা কিছু এলাকায়। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।

উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। উইকেন্ডে ফের তাপমাত্রা কমতে পারে। দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে।

কলকাতায় আজ থেকে শুষ্ক আবহাওয়ার শুরু। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। উইকেন্ড এ তাপমাত্রা ফের কমতে পারে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৭.২ মিলিমিটার।