সন্ত্রাসবাদকে সমর্থন করলে আলোচনা সম্ভব নয় পাকিস্তান প্রসঙ্গে অবস্থান রাহুল গান্ধীর

37

নিউজ ডেস্ক: শিকাগো বিশ্ববিদ্যালয়ে প্রশ্নোত্তর অনুষ্ঠানে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, ভারত ও পাকিস্তানের সামনে নিজেদের মতপার্থক্য কাটিয়ে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন দুই প্রতিবেশীর মধ্যে যে কোনও আলোচনার পথে বড় বাধা।


শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় পাকিস্তানের এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হাতে ভারতের নিরপরাধ মানুষ নিহত হতে থাকবে, ততক্ষণ ভারতের পক্ষে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা করা সম্ভব নয়।


পাকিস্তানের এক পড়ুয়ার উত্তরে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ভারত-পাকিস্তান আলোচনার সুযোগ অবশ্যই আছে, কিন্তু একটি বড় সমস্যা রয়েছে— আর তা হল আমাদের দেশে সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন ও উৎসাহ জোগানো।


তিনি আরও বলেন, আমাদের নিরপরাধ মানুষ খুন হবে, আর একই সময়ে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাব— এটি আমাদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব।


এই মতবিনিময় অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রবার্ট পেপ।


আলোচনার সময় রাহুল গান্ধী ভারতীয় গণতন্ত্রকে ‘পবিত্র’ বলে অভিহিত করেন এবং নির্বাচন বয়কটের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন যে, এমন পদক্ষেপ নিলে তা কার্যত দেশে গণতন্ত্রের সমাপ্তি ঘটাবে।


তিনি বলেন, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল নির্বাচনী ব্যবস্থায় কী ঘটছে তা সবার সামনে তুলে ধরার ওপর জোর দিচ্ছে। তারা প্রয়োজনে ‘আঘাত সহ্য করতেও’ প্রস্তুত, যতক্ষণ না মানুষ বুঝতে পারে যে এই ব্যবস্থাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।


রাহুল গান্ধী জানান, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কিছু একটা গোলমাল ছিল বলে কংগ্রেসের সন্দেহ হয়েছিল, কারণ জয়ের ব্যবধানগুলো ছিল ‘সম্পূর্ণ অব্যাখ্যাত’। তবে প্রমাণ ছাড়া কোনও অভিযোগ আনা সম্ভব ছিল না।


এরপর বলেন, পরবর্তীতে যখন তিনি ‘প্রমাণ’ জোগাড় করে তা কংগ্রেসের শীর্ষ নেতাদের সামনে তুলে ধরেন, তখন তাঁকে এবিষয়ে কথা না বলার পরামর্শ দেওয়া হয়।


আমাদের কাছে ভারতীয় গণতন্ত্র পবিত্র। ভারতীয় গণতন্ত্রে কোনও সমস্যা আছে— এমন কথা বলার জন্যও আমার কাছে ১০০, ২০০ বা ৩০০ শতাংশ প্রমাণ থাকা প্রয়োজন, বলেছেন রাহুল।


নির্বাচন বয়কট নিয়ে তিনি বলেন, আমরা যদি বিরোধী দলের কর্মীদের বলি যে, ঠিক আছে, আপনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তবে তাদের কী হবে? আমরা যদি বলি যে আমরা নির্বাচনে লড়ব না, তবে সেই মুহূর্তেই ভারতীয় গণতন্ত্রের সমাপ্তি ঘটবে। আর আমরা ভারতীয় গণতন্ত্রের কাঠামোকে ধ্বংস করতে চাই না।


আলোচনার সময় রাহুল গান্ধী ইজরায়েল-গাজা সংঘাত নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের বিদেশ নীতি অন্য কোনো দেশের স্বার্থে নয়, বরং নিজস্ব জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হওয়া উচিত। ইজরায়েলে হামাসের আক্রমণ এবং প্যালেস্তাইনে ইজরায়েলের আক্রমণের নিন্দা করেন তিনি।


ইজরায়েলের ওপর হামাসের হামলার নিন্দা জানিয়ে রাহুল গান্ধী বলেন, নিরপরাধ মানুষদের হত্যা কিছুতেই গ্রহণযোগ্য নয়। গাজায় ইজরায়েলের সামরিক অভিযানেরও সমালোচনা করেন তিনি এবং স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি উভয় পক্ষের হিংসারই বিরোধী।
রাহুল গান্ধী ভারতকে বৈশ্বিক ভূ-রাজনীতিতে একটি ‘পার্শ্ব চরিত্র’ হিসেবে অভিহিত করে বিজেপির সঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি যুক্তি দেন যে, আন্তর্জাতিক পর্যায়ে স্বাধীনভাবে আলোচনার গতিপথ নির্ধারণের ক্ষমতা ভারত হারিয়ে ফেলেছে; অথচ পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মতো বড় শক্তিগুলোর সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ বজায় রাখছে।
রাহুল গান্ধী বলেন, ঐতিহাসিকভাবেই ভারত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি স্বাধীন দৃষ্টিভঙ্গি বজায় রেখে এসেছে— যেখানে কৌশলগত অংশীদারিত্বের পাশাপাশি বৈশ্বিক ঘটনাবলি সম্পর্কে ভারতের নিজস্ব বোঝাপড়াও যুক্ত ছিল। তবে তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক আলোচনা থেকে ভারতকে ক্রমশ দূরে সরিয়ে রাখা হচ্ছে।


রাহুল গান্ধী বলেন, ভূ-রাজনীতি নিয়ে ভারতের সবসময়ই অত্যন্ত গভীর ও পরিশীলিত বোঝাপড়া ছিল। আমাদের অংশীদারিত্ব ছিল, সম্পর্ক ছিল, কিন্তু আমাদের নিজস্ব চিন্তাধারাও ছিল। আয়তনের দিক থেকে ভারতের বৈশ্বিক পর্যায়ে স্বাভাবিকভাবেই একটি কণ্ঠস্বর রয়েছে এবং বৈশ্বিক আলোচনায় ভারতের সক্রিয়ভাবে যুক্ত থাকা উচিত। কিন্তু সত্যি বলতে, ভারত এখন মাত্র একটি ‘পার্শ্ব চরিত্র’ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ব্যস্ত রয়েছে।


পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতার বিষয়ে বিস্ময় প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন যে, বিশ্বনেতাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কি ভারতের বিদেশনীতির ভিত্তি হতে পারে?


প্রধানমন্ত্রী মোদী বারবার বলেন, ‘তিনি আমার বন্ধু।’ কিন্তু বন্ধুত্ব এখানে মূল বিষয় নয়, ভূ-রাজনীতি এভাবে চলতে পারে না। বন্ধুত্বের পরোয়া কে করে? আপনি কি সত্যিই মনে করেন যে, কেউ আপনার বন্ধু বলেই ভূ-রাজনীতি তার ওপর ভিত্তি করে চলবে? প্রশ্ন রাহুলের।


এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, বিদেশে দাঁড়িয়ে রাহুল গান্ধী ভারতের আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করার চেষ্টা করছেন।


বিজেপি মুখপাত্র সি আর কেশবন কংগ্রেস নেতার এই মন্তব্যকে অত্যন্ত নিন্দনীয় ও অমার্জনীয় বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, ভারতকে বিশ্বমঞ্চে একটি গৌণ শক্তি হিসেবে তুলে ধরে রাহুল গান্ধী দেশের বৈশ্বিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন।
কেশবনের কথায়, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পাকিস্তানের একজন উৎসাহী সমর্থক ও নির্লজ্জ প্রচারক বলে মনে হচ্ছে। তাঁর এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রমাণ করে যে, বিশ্ব ভূ-রাজনীতি সম্পর্কে রাহুল গান্ধীর কোনও ধারণাই নেই।


ইজরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে আলোচনার সময় রাহুল গান্ধী ভারতের স্বাধীন বিদেশনীতি অনুসরণের পক্ষেও কথা বলেন। তিনি বলেন, ইজরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা উচিত, যার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাও অন্তর্ভুক্ত, তবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান অন্য কোনও দেশের স্বার্থে নয়, বরং নিজস্ব স্বার্থে পরিচালিত হওয়া উচিত।


তিনি বলেন, ইজরায়েলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে অস্ত্রও কিনি। কিন্তু আমরা দেড়শো কোটি জনসংখ্যার অনেক বড় দেশ। আমাদের বিদেশনীতি এমন হওয়া উচিত যা আমাদের জন্য কল্যাণকর, অন্য কারো জন্য যা ভালো তা দেখে নয়।