আপনাদের পেট আর ভরে না! শিল্পমহলকে বললেন প্রধানমন্ত্রী

44

নিউজ ডেস্ক: বাণিজ্য সংগঠন ফিকি-র বার্ষিক অনুষ্ঠানে শিল্পপতিদের প্রধানমন্ত্রী প্রশ্ন করেন যে গত কয়েক বছরে কর্পোরেট কর ৩০ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে, ১২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় রয়েছে আয়করে, কিন্তু আপনারা কি কর্মীদের বেতন বাড়িয়েছেন? কর্মীর সংখ্যা বাড়িয়েছেন? এরপরই হাসিমুখে তা হয়নি বলে মন্তব্য করেছেন, আপনাদের এত খিদে যে যতই খাওয়াও পেট ভরে না। আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, মোদীজি আপনি করুন, আমরা দেখছি – এভাবে চলবে না।
দুদিন আগে বিরোধী দলনেতা রাহুল গান্ধী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানে ভারতের নিয়ে তীব্র সমালোচনা করে বলেছিলেন, ভারত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। ফিকির মঞ্চে তাঁর সরকারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ শিল্পমহলের কোর্টে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঘটনা হল, ২০২২-২৩ অর্থবর্ষে দেশে থেকে ১৪০০ কোটি ডলার লগ্নি বাইরে চলে গেছে। সেই অঙ্ক ২০২৪-২৫-এ দ্বিগুণ বেড়ে হয়েছে ২৯০০ কোটি ডলার। ফিকি-র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, কেন এদেশের শিল্পপতিরা কৃষিক্ষেত্রে লগ্নি করছে না, কেন কৃষিক্ষেত্রে রফতানির হার কম?
দেশের আর্থিক বিকাশের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে মোদী বলেন, গত ১২-১৩ বছরে দেশের প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র মুক্ত হয়েছে। এরপর বলেছেন, ১০০ বছর ধরে আমরা লাইসেন্স-কোটা রাজ দেখেছি। দেখেছি রাষ্ট্রায়ত্তকরণের ব্যর্থ চেষ্টাও। একবিংশ শতাব্দীতেও আমরা ‘ভঙ্গুর পাঁচ’ (ফ্র্যাজাইল ফাইভ) অর্থনীতির তালিকায় ছিলাম। অবশ্য তিনি বলেননি যে ভারত এখন ভঙ্গুর দুইয়ে রয়েছে।
মোদীর মতে, গত ১২ বছরে দেশবাসীর কঠোর পরিশ্রমেই অর্থনীতির গতিপথ বদলে গিয়েছে। সত্তরের দশকের ‘গরিবি হটাও’ স্লোগানের প্রসঙ্গ টেনে তিনি জানান, ওঁরা দারিদ্র দূর করতে পারতেন, কিন্তু নীতি এবং সদিচ্ছার অভাব ছিল।
আন্তর্জাতিক সংস্থাগুলি ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ বা তার বেশি হবে বলে পূর্বাভাস দিচ্ছে। পাশাপাশি দেশের রফতানির খতিয়ানও তুলে ধরে মোদী বলেন, অক্টোবর মাসে ভারতের পণ্য রফতানি প্রায় ৫,০০০ কোটি ডলারে পৌঁছেছে। এক মাসে এটাই আমাদের সর্বোচ্চ পণ্য রফতানি।
প্রধানমন্ত্রীর বক্তব্য, বিকশিত ভারতের পথে এগোতে আগামী ২০ বছরে কী করা সম্ভব, তা ভারতীয় শিল্প মহলকেই ঠিক করতে হবে। বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে স্বনির্ভরতার উপরে বিশেষ জোর দেন মোদী। সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করার এই যুগে ‘ইন্ডিয়া ফার্স্ট’ নিশ্চিত করার কথা বলেন তিনি। এর ফলে দেশের স্বনির্ভরতা বাড়বে এবং বৃদ্ধির নতুন পথ খুলে যাবে বলে তাঁর মত।