পৃথা দাশগুপ্ত কলকাতা: বিচারপতিদের নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করেছে। তারপরেও অবমাননাকর মন্তব্য থামেনি। এই নিয়ে কলকাতা হাইকোর্ট আজ ফের ক্ষোভ প্রকাশ করল ।
আজ ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বাড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। কিন্তু ডায়মন্ড হারবারের সাংসদকে তিরস্কারও করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে বিচারপতি ভট্টাচার্য বলেন, “আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন। আদালতের বিরুদ্ধে মন্তব্য বেদনাদায়ক।”
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের বিরুদ্ধে জোর সওয়াল করে রাজ্য। রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থাকে বারবার আক্রমণ করছেন। গতকালও বিচার ব্যবস্থা নিয়ে ট্যুইট করেছেন।
রাজ্যের সওয়ালের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “ কেন এমন হচ্ছে? আদালতে স্বতঃপ্রণোদিত মামলা হতে পারে, এটা জানেন না? আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন। যাঁরা সংবাদপত্র পড়েন, তাঁরা সবাই জানেন, কী কী মন্তব্য করছেন। একজন সাংসদ যদি এই ধরনের মন্তব্য করেন, তা হলে তাঁর কর্মী সমর্থকদের কাছে কী বার্তা পৌঁছোয়?
তবে একে সরাসরি আদালত অবমাননা বলা যায় কি না, তার ভিত্তিতে মামলাকারীর আবেদন খারিজ করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি।
তিনি বলেছেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যগুলি ইচ্ছাকৃত ও পরিকল্পিত আদালত অবমাননা না-ও হতে পারে। তবে এই ধরনের মন্তব্য এড়ানো যেত। আদালতের বিরুদ্ধে এমন মন্তব্য অপ্রত্যাশিত। এটা আদালতের কাছে কষ্টদায়ক।’’
ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ তুলে নেওয়ার পক্ষে জোর সওয়াল করে রাজ্য।
বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “তদন্তের অগ্রগতি কী? এমন কিছু হয়েছে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো যাবে না? তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট ফাইল করুন। সেই মতো দেখতে চাই।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন, এই প্রসঙ্গে বিচারপতি বলেন “তদন্তে সহযোগিতা করছেন না, এমন নয়। রক্ষাকবচের মেয়াদ কেন বাড়ানো হবে না, তা নিয়ে আজ আদালত কোনও কারণ দেখছে না।”
এরপরই আদালত জানিয়েছে, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অভিষেক একটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পাবেন।