মূল্যবৃদ্ধি রুখতে রাজ্যজুড়ে প্রতিবাদ সারা অসম ছাত্র সংস্থার

24

ব্যুরো রিপোর্ট: মূল্যবৃদ্ধি নিয়ে জেরবার রাজ্যবাসী। মূল্যবৃদ্ধি রুখতে রাজ্যজুড়ে প্রতিবাদ সারা অসম ছাত্র সংস্থার। গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল করে সরব হয় আসুর সদস্যরা। সরকার বিরোধী স্লোগান দিয়ে মূল্যবৃদ্ধি রোধের দাবি আসুর।ক্রমশ বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম। আনাজ, ডিম থেকে জ্বালানি, ওষুধ সবই মহার্ঘ্য। এবার অত্যাবশ্যকীয় জিনিষের দাম কমানোর দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল সারা অসম ছাত্র সংস্থার। গুয়াহাটিতে আয়োজিত প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন আসুর উপদেষ্টা সমুজ্জল ভট্টাচার্য, সভাপতি উৎপল শর্মা, সাধারণ সম্পাদক সমীরণ ফুকন সহ অন্যান্যরা। গুয়াহাটির শহিদ ন্যাসে হাতে প্ল্যাকার্ড নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন আসুর কর্মকর্তারা।
আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্যের দাবি, ”ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কেন্দ্রীয় ও রাজ্য সরকার। যতদিন না মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ হচ্ছে, আন্দোলন চলবেই।”
আসুর সভাপতি উৎপল শর্মার মন্তব্য, ”মূল্যবৃদ্ধি রোধের ক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকার নির্বিকার।” ”দ্রুত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা হোক”, দাবি উৎপল শর্মার।
বরপেটাতেও আসুর সদস্যরা শহিদ ভবনের সামনে থেকে একটি মিছিল বের করে। মূল্যবৃদ্ধি রোধে সরকার বিরোধী স্লোগান দেয় তারা। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর দাবিতে বিশ্বনাথ চারালিতেও প্রতিবাদ আসুর।ডিব্রুগড় জেলাশাসকের সামনে প্রতিবাদ আসুর। শীঘ্রই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। মানকাচরেও জিনিষপত্রের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদে সরব হন আসুর সদস্যরা। এ ছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও একইভাবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয় আসুর সদস্যরা।
উল্লেখ্য বিধানসভা ভোট মিটতেই একের পর এক দাম বাড়ছে অত্যাবশ্যকীয় সামগ্রীর। নিত্যপ্রয়োজনীয় জিনিসের বর্ধিত মূল্যে জেরবার অসমের আম জনতা।