কণ্ঠস্বর মামলায় অভিষেকের আর্জি আবার খারিজ হাই কোর্টে

13

পৃথা দাশগুপ্ত,কলকাতা:ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর। কণ্ঠস্বর নমুনা সংগ্রহ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন পুনরায় ফেরাল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দেওয়া নিয়ে নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির অফিসে চিঠি দেন তাঁর আইনজীবীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য, ইতিমধ্যে ওই বেঞ্চে এখানে শুনানির কথা জানানো হয়েছে। এই মামলায় দ্রুত শুনানি হওয়া প্রয়োজন। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, মঙ্গলবারের আগে কোনও আবেদনই শুনবেন না। পুনরায় মঙ্গলবার দৃষ্টি আকর্ষণ করুন। তার পরে শুনানি নিয়ে বিবেচনা করব।

এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছিলেন, মূল মামলা যেখানে বিচারাধীন সেখানে এই মামলা শুনানি হতে পারে। সেই মতো বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তবে বিচারপতি দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন।

কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে। অভিষেকের কন্ঠস্বরের নমুনা নেওয়া হবে ৮ জুলাই, সকাল ১০টায় বিধাননগর আদালতে। মঙ্গলবার বিধাননগর আদালতে কন্ঠস্বরের নমুনা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হন নি, শুধুমাত্র কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন বলে। সেই কথা মেনেও নেন বিচারক। সেই জন্য‌ই ৮ জুলাই এসিজেএম আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

এরই মধ্যে কন্ঠস্বরের নমুনা পরীক্ষা মামলায় স্থগিতাদেশ দিল না আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, তদন্তে হস্তক্ষেপ করতে পারে না আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও রক্ষাকবচও দেওয়া হবে না। শুধু তাই নয়, এই মামলা নিজের হাতে রাখলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছেই মামলা ফেরত পাঠালেন।

বিধানসভা নির্বাচনের প্রচারে অভিষেক মন্তব্য করেছিলেন, ৪ মে ভোটের ফল ঘোষণার পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অপরাধের ধারায় অভিযোগ দায়ের হয়। ওই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বিধাননগর আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর হয়েছে।