পৃথা দাশগুপ্ত,কলকাতা:সম্প্রতি ডিম হামলার শিকার মহুয়া মৈত্র। পার্টি অফিসের জানলা লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রক্ষাকবচ চেয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। কলকাতা হাইকোর্টে তিনি অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে পদক্ষেপ নিচ্ছে পুলিশ। অথচ তিনি যে এফআইআর দায়ের করেছেন সেটির কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। পুলিশ নিষ্ক্রিয়। আর এই মর্মে রক্ষাকবচের আর্জি জানিয়ে আদালতে তৃণমূল সাংসদ। মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
১ জুলাই, নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের কর্মিসভায় উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র। কর্মিসভা চলাকালীনই পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের উপর কালো পতাকা হাতে জড়ো হন বেশ কয়েকজন। মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ‘হায়, হায়’, ‘গো ব্যাক’ স্লোগান চলতে থাকে। পার্টি অফিসের জানালা দিয়ে মহুয়া মৈত্রকে দেখতে পেয়ে জাতীয় সড়ক থেকেই ছোঁড়া হয় একের পর এক ডিম, বেগুন । কেউ কেউ কাদা ছুড়েঁছেন বলেও অভিযোগ।
মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়াতে বলেন, “এটাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিজেপির লোকজন জমায়েত করে ঘেরাও করে রেখেছে। জানালা দিয়ে আমার উপর হামলা চালানো হয়েছে। কিন্তু এসব দেখেও পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না। জমায়েতকে সরাতেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”
দীর্ঘক্ষণ মহুয়া মৈত্র ও তৃণমূল কর্মীদের ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে।
এরপর পার্টি অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় বিক্ষোভকারীদের বিজেপির লোক বলে কটাক্ষ করেন সাংসদ।
আজ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কৃষ্ণনগরের সাংসদ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারক।