আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দেবরাজ-অদিতি

10

পৃথা দাশগুপ্ত, কলকাতা: নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দেওয়া হয়েছিল, তাতে সঠিক আয় দেখানো হয়নি বলে অভিযোগ দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির বিরুদ্ধে। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলে গ্রেফতার হতে পারেন দেবরাজ-অদিতি। আশঙ্কা প্রকাশ করে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন স্বামী-স্ত্রী। দু’জনেই আজ আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।

প্রসঙ্গত, রাজ্যে সরকার বদলের পর দুর্নীতির অভিযোগে একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। বুধবার গুজব শোনা গিয়েছিল দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির। আর এই আবহে বৃহস্পতিবার আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে তাঁদের গ্রেফতার করা হতে পারে, সেই আশঙ্কা প্রকাশ করলেন অদিতি-দেবরাজ।

ভোটের ফল ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব বর্তমান সরকার। ২০২১ সালে পূর্ণেন্দু বসুর বদলে সংগীত শিল্পী অদিতি মুন্সিকে রাজারহাট-গোপালপুর থেকে টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর বিপক্ষে ছিলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রায় ২৫ হাজার ভোটে শমীক ভট্টাচার্যকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন অদিতি মুন্সি। অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তীও দলে যথেষ্ট প্রাসঙ্গিক। রাজারহাট-গোপালপুর এলাকায় দেবরাজ চক্রবর্তীর আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এই বছরের বিধানসভা নির্বাচনেও রাজারহাট-গোপালপুর আসনে অদিতিকে টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে সবসময়ই স্বামী দেবরাজ চক্রবর্তীকে দেখা গিয়েছিল স্ত্রী-র পাশে। কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু বিজেপি প্রার্থী ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কাছে পরাজিত হন অদিতি।

আর এই আবহেই বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে যেতে দেখা যায় সংগীত শিল্পী অদিতি মুন্সি এবং তার স্বামী দেবরাজ চক্রবর্তীকে। আগাম জামিনের আবেদন চেয়ে মামলার শুনানি আগামী শুক্রবার। শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত কী বলেন? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।