ভোট কাটার পর ভোট জুড়ছে নির্বাচন কমিশন

41

নিউজ ডেস্ক: গোটা দেশে ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার পর নির্বাচন কমিশনের টনক নড়েছে ইন্ডিয়া এক্সপ্রেসের চাঞ্চল্যকর রিপোর্টের পর। নতুন বিজ্ঞপ্তিতে এবার কমিশন জানিয়েছে, যেসব রাজ্যে এসআইআর হয়ে গেছে সেখানে যেসব ভোটার বাদ পড়েছেন তাঁরা ফর্ম ৬ পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে আগের এসআইআর তালিকায় তাদের বা তাদের পূর্বপুরুষের নাম ছিল কি না সেটা জানাতে হবে না। অর্থাৎ চিরাচরিত ফর্ম ৬ পূরণ করেই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে।
যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানকার নির্বাচনী কর্তৃপক্ষকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যেন তারা বাদ পড়া যোগ্য ভোটার এবং তরুণ ও প্রথমবারের ভোটারদের অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করে।
এসআইআর চলাকালীন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ১৩.৩০ কোটি নাম বাদ পড়েছে।
২৬ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, বিহার ও পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর সম্পন্ন হয়েছে। এসআইআর চলাকালীন বা তার পরে যাদের নাম বাদ পড়েছে, তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট ইআরও-র কাছে আবেদন করতে পারেন। মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই প্রক্রিয়া সহজতর করার নির্দেশ দেওয়া হয়েছে। সিইও, ডিইও এবং ইআরও-রা এই ভোটারদের অন্তর্ভুক্তির জন্য অবিলম্বে একটি বিশেষ উদ্যোগ শুরু করবেন।
এই বিশেষ উদ্যোগের ফলে বাদ পড়া যোগ্য ভোটাররা ‘ফর্ম ৬’ নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়াটি সহজতর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে যে, বুথ লেভেল অফিসার বা বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এমন ভোটারদের চিহ্নিত করবেন, তাঁদের বর্তমান অবস্থা যাচাই করবেন এবং যোগ্য বলে বিবেচিত হলে ‘ফর্ম ৬’-এর মাধ্যমে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবেন।
বাড়ি বাড়ি পরিদর্শনের সময় কোনও ভোটার যদি তালিকা থেকে বাদ পড়ে থাকেন কিংবা নতুন বা তরুণ ভোটার হন, তবে তাঁদের নাম অন্তর্ভুক্তির জন্য ‘ফর্ম ৬’ পূরণ নিশ্চিত করার দায়িত্বও বিএলও-দের ওপর থাকবে।
ভোটার তালিকা সংশোধনের পরবর্তী পর্যায়ে বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সে বিষয়ে গোয়া প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না-হওয়ার বিষয়টি ভোটার তালিকা কেন্দ্রীয়করণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিং সান্ধুও তাঁদের ভিন্নমত-সংবলিত নোটে এই বিষয়টি উত্থাপন করেছিলেন।
নির্বাচন কমিশনের নতুন এই নির্দেশকে হাস্যকর বলেছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেছেন, গণতন্ত্র নিয়ে ছেলেখেলা করছে নির্বাচন কমিশন। প্রথমে ভোটারদের বাদ দাও, নির্বাচনে একটি বিশেষ দলকে সুবিধা দাও, ভোটে সেই দল জয়ী হওয়ার পর বাদ পড়া ভোটারদের নাম তোলার ব্যবস্থা করো। নির্বাচন কমিশনের সব কাজই এখন অনৈতিক।