শহরে এল ব্রাজিল টিম, মাঠজুড়ে কড়া নিরাপত্তা

30

পৃথা দাশগুপ্ত,কলকাতা:লিওনেল মেসি-ম্যাচের বছর পার। লিওনেল মেসি ম্যাচের বিশৃঙ্খলার এক বছর পর ফের বড় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। তিলোত্তমার উত্তেজনা তুঙ্গে । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ভারত- ব্রাজিল।

বৃহস্পতিবার রাতেই শহরে পা রেখেছে ব্রাজিল ফুটবল দল। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে।

কলকাতায় এসেছে তারকাখচিত ব্রাজিল দল। ভিনিশিয়াস জুনিয়র, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ, মার্কুইনোসদের মতো তারকারা থাকায় ম্যাচের আকর্ষণ বেড়েছে। ভারত-ব্রাজিল ম্যাচের আগে নতুন করে সাজানো হয়েছে যুবভারতী। স্টেডিয়ামের একাধিক অংশ নতুন করে রঙ করা হয়েছে।
দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে র‌্যাম্প ও শৌচাগারও নতুন করে সাজানো হয়েছে। গ্যালারির লবিতে থাকছে ফুড স্টল।

প্রথমবার যুবভারতীর প্রতিটি আসনে থাকছে নির্দিষ্ট নম্বর। পাশাপাশি মাঠের ঘাসের পরিচর্যা করা হয়েছে। ভারত-ব্রাজিল ম্যাচের জন্য মাঠ থেকে গ্যালারি—সবকিছুতেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

ম্যাচের নিরাপত্তার জন্য মাদকজাতীয় দ্রব্যের পাশাপাশি লেজার লাইট, ব্যানার, হোর্ডিং, পোস্টার, ছাতা ও জলের বোতল নিয়ে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

শান্তিপূর্ণভাবে ভারত-ব্রাজিল ম্যাচ আয়োজনই পুলিশের মূল লক্ষ্য। সেই কারণে ফিফার নির্ধারিত নিয়ম ও নিরাপত্তা বিধি মেনেই গোটা ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে।

শুধু স্টেডিয়ামের নিরাপত্তাই নয়, ম্যাচের দিন যান চলাচল স্বাভাবিক রাখার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যুবভারতীর আশপাশে দর্শকদের জন্য পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে। ম্যাচ উপলক্ষে বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন রাখা হবে।‌