‘আমার যৌবন নিয়ে স্বপ্ন দেখবেন না’, কঙ্গনার তির রামদেবকে

32

নিউজ ডেস্ক: জেন-জি দের নিয়ে কঙ্গনা রানাওয়াতের বিতর্কের তীব্র সমালোচনা করেছিলেন রামদেব। অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত কিছুদিন আগে এক সাক্ষাতকারে বলেন যে কিছু তরুণী হিন্দু নারী স্বাধীনতার অপব্যবহার করছে। তাদেরকে ‘নর্দমা প্রজন্ম’ বলে মন্তব্য করেন কঙ্গনা। তাঁর এই কথার সমালোচনা করেন রামদেব, এক অনুষ্ঠানে জেন জি প্রজন্ম সম্পর্কে কঙ্গনার এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সেখানে কঙ্গনার তীব্র সমালোচনা করেন যোগগুরু। কঙ্গনার মন্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, ‘ওর অতীত আর যৌবনকালের কেচ্ছা-কেলেঙ্কারি কারোরই অজানা নয়। ওইসব বিতর্কিত চরিত্রদের নিয়ে কথা বলে আমি নিজের সময় নষ্ট করতে চাই না।’ কঙ্গনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার বলে দাবি করেন রামদেব। এরপরই রামদেবকে কড়া ভাষায় কটাক্ষ কঙ্গনার। তিনি বলেন, ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুজব আর গল্পে কেবল অনুমানই করা যায়। অন্তত আমাকে কখনো সুপ্রিম কোর্ট থেকে বকা খেতে হয়নি, কারণ আমার দাবিগুলো ছিল কঠিন তথ্যের ওপর ভিত্তি করে, কোনো গুজব বা অনুমানের ওপর নয়।’ কঙ্গনার আরও কটাক্ষ, আমার চরিত্র আপনার চেয়ে অনেক ভাল। এখনও কোনও জালিয়াতি ধরা পড়েনি।’ তবে অভিনেত্রীর এমন মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি রামদেব। বিজেপি নেতৃত্বও বিষয়টি নিয়ে চুপ।