রাজস্থানে আশুতোষ রাঙ্কার ওপর হামলা

31

নিউজ ডেস্ক: রাজস্থানের রামপুরা-কানওয়ারপুরা গ্রামে ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কার ওপর হামলা। স্কুল ঠিক করো কর্মসূচিতে স্থানীয় একটি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন আশুতোষ রাঙ্কা সহ তাঁর দলের কর্মীরা। সেখানে তাঁদের মারধর করা হয়, সাইকেলের চেন দিয়ে, লাথি-ঘুষি মারা হয়েছে। ইটবৃষ্টিতে ভেঙেছে আশুতোষ রাঙ্কার গাড়ির পেছনের কাচ। ককরোচ জনতা পার্টির এক কর্মীর হাত ভেঙেছে।
আশুতোষ রাঙ্কা বলেছেন, স্থানীয় কোনও গ্রামবাসী নয়, আমাদের আক্রমণ করেছে বিজেপির গুন্ডারা। ওই স্কুলে বাচ্চাদের পড়ানোর জায়গায় রয়েছে মহিষের গোয়াল। এটা প্রকাশ্যে আসার ভয়ে বিজেপি আমাদের পরিদর্শন কর্মসূচিতে হামলা চালিয়েছে।
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, সবার চোখের সামনে আশুতোষ রাঙ্কা সহ আমাদের দলের কর্মীদের মারধর করা হয়েছে। রাজস্থান পুলিশ কী করছে?
রাজস্থানের এক বিজেপি মন্ত্রী এবিষয়ে বলেছেন, সব স্কুল ঠিকঠাক চলছে। কেউ গিয়ে স্কুলে অশান্তি ছড়ানোর চেষ্টা করলে স্থানীয়রা প্রতিবাদ করবেই। আমরা বাইরের কাউকে স্কুলে ঢুকতে দেব না।


১৫ আগস্ট থেকে সিজেপির স্কুল ঠিক করো কর্মসূচি চলছে। এর মধ্যেই রাজস্থান সরকার নির্দেশ জারি করেছে যে স্কুল কর্তৃপক্ষ এবং জেলাশাসকের অনুমতি ছাড়া বাইরের কেউ স্কুলে ঢুকতে পারবে না এবং ফটো তোলা এবং ভিডিয়ো করা কঠোরভাবে নিষিদ্ধ। পডুয়াদের সুরক্ষা, গোপনীয়তা রক্ষায় কোনও সাক্ষাৎকার, অডিও রেকর্ডিং এবং পড়ুয়াদের নিয়ে লাইভ স্ট্রিমিং নিষিদ্ধ করা হয়েছে রাজস্থানে সরকারি নির্দেশে।


আশুতোষ রাঙ্কা বলেছেন, আমরা জয়পুর, আজমির, যোধপুর, উদয়পুর, ঢোলপুর, ভারতপুর, কোটা, বারমির এবং হনুমানগড়ের অভিভাবকদের থেকে অনুরোধ পেয়েছি তাদের বাচ্চাদের স্কুল পরিদর্শনের জন্য।
রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেস বিধায়ক টিকারাম জুলি বলেছেন, সরকারি স্কুলের দৈন্যদশা এভাবে লুকিয়ে রাখা যাবে না। সরকার অবৈধ ফরমান প্রত্যাহার না করলে অসহযোগ আন্দোলন হবে।