বন্দে মাতরমের স্তবক বিতর্ক

30

নিউজ ডেস্ক: বন্দে মাতরমের স্তবক বিতর্কে শাসক-বিরোধী। বন্দে মাতরম নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, দলীয় কর্মসূচি ও অনুষ্ঠানে জাতীয় গানের প্রথম দুটি স্তবকই গাওয়া হবে। বুধবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর একথা জানান কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ।
কংগ্রেসের এই সিদ্ধান্তের নিন্দা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, কংগ্রেসের এই সিদ্ধান্ত তোষণ-নীতিকেই প্রতিফলিত করে। অমিত শাহ বলেছেন, মুসলিম তোষণের জন্য ১৯৩৭ সালে বন্দে মাতরমকে টুকরো করার মাধ্যমেই কংগ্রেস দেশভাগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। নরেন্দ্র মোদীর সরকার ওই ভুল শুধরে বঙ্কিমবাবুর এই অমর সৃষ্টিকে পুরোটা গেয়ে জাতীয় ঐক্য মজবুত করার চেষ্টা করছে। ভোটব্যাংককে তোষণ করতে গিয়ে কংগ্রেস শুধু বঙ্কিমবাবুর অমর সৃষ্টিকে অপমান করেছে।
উলটোদিকে কংগ্রেস বলছে, ১৯৩৭ সালে কলকাতায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই পটেল-সহ একাধিক নেতা বন্দে মাতরম-এর প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতামতও নেওয়া হয়েছিল। ১৯৫০ সালের ২৪ জানুয়ারি সংবিধান পরিষদের শেষ বৈঠকে বন্দে মাতরম-কে জাতীয় গানের মর্যাদা দেওয়া হয় এবং জনগণমনের সমান সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়। আমরা সেই নীতিই অনুসরণ করছি।
অমিত শাহর বক্তব্যের উত্তরে জয়রাম রমেশ বলেছেন, পড়ুয়াদের ক্ষোভ, রামমন্দিরে চাঁদা চুরি, অরুণাচল প্রদেশে চিনের আগ্রাসনের মতো সমস্যা থেকে নজর ঘোরাতে বন্দে মাতরম নিয়ে নকল জাতীয়তাবাদের রাজনীতি করছে বিজেপি।
বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, কংগ্রেস নতুন মুসলিম লিগে পরিণত হয়েছে। তার জবাবে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন, গান্ধী-নেতাজি-রবীন্দ্রনাথ-বল্লভভাই-নেহরুর সিদ্ধান্তকে সমালোচনা করছেন অমিত শাহ? সংবিধান পরিষদকেও কি অমান্য করছেন অমিত শাহ?
সম্প্রতি সংসদে বন্দে মাতরম নিয়ে সংশোধিত বিল পাস হয়েছে। বিলে বলা হয়েছে, বন্দে মাতরম গানের প্রতি কেউ অসম্মান করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ।
এবিষয়ে আইন কী বলছে দেখা যাক।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বন্দে মাতরম-এর সরকারি রূপ হিসেবে ছয়টি স্তবক লেখা হয়েছিল।
সুপ্রিম কোর্ট এবছরের মার্চ মাসে বলে, স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকা প্রকৃতগতভাবে পরামর্শ, এর খেলাপ হলে শাস্তির কোনও বিষয় নেই।
সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে বন্দে মাতরম গাওয়ার সময় বাধা দিলে বা গন্ডগোল করলে শাস্তিযোগ্য অপরাধের বিল পাস হয়েছে। কিন্তু বন্দে মাতরমের শুধু দুটি স্তবক গাইলে অপরাধ কি না তার উল্লেখ নেই বিলে।
বন্দে মাতরম-এর শুধু দুটি স্তবক গাইলে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা লঙ্ঘন হবে, কিন্তু শাস্তির কোনও বিধান নেই।