পৃথা দাশগুপ্ত ,কলকাতা : ২১ জুন রবিবার,যোগ দিবস। রেড রোডে যোগ দিবসে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে লিখিত ভাবে জানানো হয় যে, সরকারি কর্মীদের এই অনুষ্ঠানে যোগদান বাধ্যতামূলক নয়। কর্মীদের জন্য একটি সাধারণ বিজ্ঞপ্তি জারি হয়েছিল। বিচারপতি অমৃতা সিনহা এই মামলার নিষ্পত্তি করে দেন।
যোগ দিবসকে কেন্দ্র করে তিন দিনব্যাপী কর্মসূচি। শুক্রবার এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার রেড রোডে মেগা ইভেন্টে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ১৪ জুন মুখ্যসচিবের দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। যোগ দিবসে সরকারি কর্মীদের যোগব্যায়ামে অংশগ্রহণ করার জন্য। ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ পর্যন্ত রাজ্যের সব সরকারি দপ্তরের কর্মীদের যোগ দিবসের অনুষ্ঠানে হাজির থাকতে বলা হয়েছিল। যোগ দিবসে সরকারি কর্মচারীদের যোগদান বাধ্যতামূলক কেন এই প্রশ্ন তুলে বুধবার হাইকোর্টে মামলা করে কো-অর্ডিনেশন কমিটি। তাদের বক্তব্য ছিল, সরকারি কর্মচারীদের যোগদান ঐচ্ছিক করা হোক।
বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, এই অনুষ্ঠানে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করার বিজ্ঞপ্তি জারির আদৌ কোনও এক্তিয়ার মুখ্যসচিবের আছে কি না? এর পরিপ্রেক্ষিতে রাজ্যের কী বক্তব্য তাও হলফনামা আকারে রাজ্যকে জানানোর নির্দেশ দেওয়া হয়।
আজ কলকাতা হাইকোর্টে সেই বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকার জানায়, যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। ফলে সরকারি কর্মচারীদের কেউ যোগ দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করবে না ।