বিরোধী দলনেতা মামলায় কৃষ্ণা রাওয়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

20

পৃথা দাশগুপ্ত,কলকাতা :বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ ছিল রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়‌ই। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বড় পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। ‌বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।‌ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বিষয়টি আজ নিশ্চিত করা হয়েছে তবে, জানানো হয়েছে যে মামলা সংক্রান্ত নথি বিধানসভার অধ্যক্ষের আইনজীবী ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে পাঠানো হলে তাঁরা নাকি সেই নথি গ্রহণ করেননি। ২২ শে জুন এই মামলার শুনানির সম্ভাবনা।

বিরোধী দলনেতা কে হবেন ? এই নিয়ে শুরু হয় বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলা ভালো শোভনদেব চট্টোপাধ্যায় বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ‌৫৮ জন বিধায়কের সমর্থনের ভিত্তিতেই বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই স্বীকৃতি দেন।

স্পিকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গল এবং বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে চলে মামলার শুনানি। রায় হয় বৃহস্পতিবার । বিধানসভার অধিবেশন শুরুর ঠিক আধঘন্টা আগে বিচারপতি জানান,বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনও হস্তক্ষেপ করবে না আদালত। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন। যদিও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি,জুলাই মাসে আবার এই মামলার শুনানি হবে। কিন্তু এখানেই থেমে থাকল না। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই এবার ডিভিশন বেঞ্চে মামলা করলেন শোভন দেব চট্টোপাধ্যায়। আগামী সোমবার বিচারক কি বলেন সেদিকেই তাকিয়ে সকলে।