আয়ু কমছে আয়ুষ্মানের! রাস্তার নেমে প্রতিবাদ রোগীদের

1,047

নিউজ ডেস্কঃ সোমবার ডিব্রুগড়ে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। আয়ুষ্মান কার্ডের সুবিধেগুলো ধরে রাখার দাবিতে রাজপথে নেমে এলেন খোদ রোগীরাই। সড়ক অবরোধ করে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন রোগী, অভিভাবকরা। সরকার বিরোধী এই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা পরিবেশ।

৩০ জুন থেকে বেসরকারি হাসপাতালগুলোয় আয়ুষ্মান কার্ডের মাধ্যমে পাওয়া বিনামূল্যে ডায়ালিসিসের সুবিধে আর পাচ্ছেন না রোগীরা। কিছুদিন আগেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি এই সিদ্ধান্তের পর রাজ্যজুড়ে হাহাকার শুরু হয়েছে দরিদ্র তথা নিম্ন মধ্যবিত্ত রোগীদের মধ্যে। তারই প্রতিফলন দেখা গেল সোমবার। ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার হাসপাতলের বেড ছেড়ে রাস্তায় নেমে আসেন কিডনির রোগীরা।

সরকারের এই সিদ্ধান্ত আর্থিকভাবে দুর্বল রোগীদের চরম সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে এমন অভিযোগ তুলে অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিবাদে জড়ো হন কিডনির রোগীরা। মেডিক্যাল কলেজ সংযোগী মূল সড়ক অবরোধ করে সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন প্রতিবাদকারীরা। কিডনি রোগীদের এই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা মেডিক্যাল চত্বর। রোগীর জীবন বিপদাপন্ন করার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছেন প্রতিবাদকারীরা।

কিডনি রোগীদের এই প্রতিবাদে গোটা এলাকার যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। রোগীদের অভিনব এই প্রতিবাদের পর বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিসের সুবিধে উঠিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত স্বাস্থ্যবিভাগ পুনর্বিবেচনা করে কিনা এটাই হবে দেখার বিষয়।