অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করল ঋতব্রত নেতৃত্বাধীন তৃণমূল

125

পৃথা দাশগুপ্ত, কলকাতা: নিজেদের আসল তৃণমূল দাবি করে নতুন কর্মসমিতি তৈরি করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। নিউ টাউনের একটি হোটেল- এ গোপন বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার ঘোষণা করা হয়েছে।

আজ বিকেলে হঠাৎ বিশেষ বৈঠকের আয়োজন করেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়করা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বিদ্রোহী বিধায়করা। আইনি জটিলতা কাটিয়ে তৃণমূলের নতুন রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক বিভিন্ন পদে নাম ঘোষণা করা হয়। নতুন এক্সিকিউটিভ কমিটি তৈরি হয়েছে বলে সূত্রের খবর।

তৃণমূলের বিদ্রোহী শিবির এ বার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিল। নতুন চেয়ারম্যান করা হল হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়কে।১১ জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। রেজোলিউশন তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড-ও করা হয়।

বিধানসভায় বাজেট অধিবেশনের পর তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা গোপনে নিউ টাউনের একটি হোটেলে বৈঠকে বসেন। সেই বৈঠকে ছিলেন তৃণমূলের ৬০ জন বিধায়ক, প্রায় ৭০ জন প্রাক্তন কাউন্সিলর । তৃণমূলের ৩০ জনের কমিটি তৈরি হয় এই বৈঠকে।

বিদ্রোহী বৈঠকে তৃণমূলের ২০ নম্বর ধারার কথা উল্লেখ করে বলা হয়, প্রতি তিন বছর অন্তর জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকার কথা। কিন্তু ২০২২ সালের পর আর তৃণমূলের জাতীয় কর্মসমিতির কোনো বৈঠক হয়নি। সেই কারণে প্রস্তাব এনে ভেঙে দেওয়া হল আগের জাতীয় কর্মসমিতি।

নতুন জাতীয় কর্ম সমিতি চেয়ারম্যান থেকে শুরু করে সহ-সভাপতি, কোষাধ্যাক্ষ সব পদ বেছে নিয়েছেন বলে সূত্রের খবর।