সীমান্তে মধ্যরাতে গুলির শব্দ, বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু!

46

নিউজ ডেস্ক: ত্রিপুরার কৈলাশহর সীমান্তে মধ্যরাতে বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশি তরুণের। মৃতের নাম তারা মিয়া। বাংলাদেশের মৌলভিবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার রাত প্রায় ১২টা নাগাদ ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের মাগুরউলির আন্তর্জাতিক-সীমান্তের ঘটনা। জানা গেছে, ১৮৪৫/৬৩-এস পিলারের কাছে ৫-৬ জন বাংলাদেশি বিভিন্ন সামগ্রী নিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। প্রথম বিএসএফ তাদের হুঁশিয়ার করে। এরপরও সতর্ক না হওয়ায় গুলি চালাতে বাধ্য হয় সীমান্তরক্ষী বাহিনী। এমনটাই দাবি বিএসএফ জওয়ানদের। গতরাতে বিএসএফের ছোড়া গুলিতেই মারা যান তারা মিয়া।

বিএসএফের গুলি চালানোর খবর চাউড় হতেই সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছয় ইরানি থানার পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে দেহ নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে। বর্তমানে দেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে দেহ। কৈলাশহরের আন্তর্জাতিক-সীমান্তে মধ্যরাতের এই ঘটনায় প্রশ্নের মুখে ত্রিপুরার অনুপ্রবেশ ইস্যু। কাঠগড়ায় বিএসএফের ভূমিকা।

কেন বাংলাদেশিরা সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল? তাদের সঙ্গে কী কী ছিল এবং ঠিক কোন পরিস্থিতিতে গুলি চালানোর সিদ্ধান্ত নেয় বিএসএফ? সবটাই এখন তদন্তসাপেক্ষ। তবে, গোটা ঘটনা নিয়ে সীমান্ত এলাকায় শুরু হয়েছে জল্পনা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার পর সীমান্ত এলাকায় আরও জোরদার করা হয়েছে বিএসএফের টহলদারি।