পৃথা দাশগুপ্ত, কলকাতা: ফের মধ্যরাত থেকে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। বুধবার মধ্যরাতের পর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে হল ২৯৫৪ টাকায়। এর আগে ১ সেপ্টেম্বর ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। যদিও এবার বাড়ির রান্নার কাজে ব্যবহৃত ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বাড়ছে না। সেটা স্বস্তি আপাতত।
পুজোর মরশুমের ঠিক আগে বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ এবং খাবার তৈরির প্রতিষ্ঠানগুলির খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে। এই নিয়ে পর পর দুই বার দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। এর আগে ১১ টাকা ৫০ পয়সা দাম বাড়লেও, এ বার অনেকটাই বেড়েছে। এ বার একেবারে ৭০ টাকা করে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। এর ফলে পুজোর মরশুমে মিষ্টির দোকান, রেস্তোরাঁ, ক্যাফে-সহ সব খাবারের দোকানে দাম বাড়বে বলে আশঙ্কা।
তবে গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হচ্ছে না। ১৪.২ কেজির গৃহস্থালির সিলিন্ডার আগের মতোই ৯৬৮ টাকা থাকবে।
এপ্রিল মাসে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২২০৮ টাকা
মার্চের তুলনায় তখন ২১৯.৫০ টাকা দাম বেড়েছিল।
মে মাসে দাম বেড়ে ৯৯৪ টাকা, পৌঁছোয় ৩২০২ টাকায়।
জুনেও ৫৩.৫০ টাকা বেড়ে দাম হয় ৩২৫৫.৫০ টাকা।
এর পর অবশ্য পরপর দু’মাস দাম কমে
জুলাইয়ে ১৭৪ টাকা কমে সিলিন্ডার হয় ৩০৮১.৫০ টাকা।
অগস্টে আরও ২০৯ টাকা কমে দাম নামে ২৮৭২.৫০ টাকায়।
সেপ্টেম্বরে ফের ১১.৫০ টাকা বেড়ে দাম হয় ২৮৮৪ টাকা।
পুজোর মরসুমে এই দাম বৃদ্ধি চিন্তায় ফেলবে আমজনতাকে।