শিলচরের প্রতিটি ওয়ার্ডকে ১ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি হিমন্তর

47

নিউজ ডেস্ক: শিলচর পুরসভা ভোটের প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি যে প্রতিটি ওয়ার্ডকে উন্নয়নের জন্য এক কোটি টাকা দেবে সরকার। সঙ্গে অবশ্য শর্ত দিয়েছেন যে টাকা পাওয়া যাবে বিজেপির প্রার্থী জিতলে।
শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির এক বিশাল নির্বাচনী জনসভায় শিলচর পুরসভার ৪২টি ওয়ার্ডেই বিজেপি জোটের প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন হিমন্ত বিশ্ব শর্মা।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক বিজেপি কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ এই সভায় যোগ দেন; সভায় দলের মন্ত্রী, বিধায়ক এবং অন্যান্য নেতাও বক্তব্য রাখেন।
কংগ্রেসকে নিশানা করে শিলচরে বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন হিমন্ত। এ ছাড়া তিনি শহরের নাগরিক পরিষেবা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি প্রার্থীরা জয়ী হলে প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের জন্য ১ কোটি টাকা দেবে অসম সরকার। তিনি শিলচরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু প্রকল্পের কথাও ঘোষণা করেন।
প্রার্থীদের নথিপত্র সংক্রান্ত অভিযোগ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, কোনও প্রার্থীর সনদ বা নথি ভুয়ো প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে কারাদণ্ডের মুখোমুখি হতে পারে।
শিলচর পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ ৩ অক্টোবর এবং ৬ অক্টোবর ভোট গণনা করা হবে।