পৃথা দাশগুপ্ত,কলকাতা:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে মোতায়েন থাকেন নিরাপত্তারক্ষীরা। যে সিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেন, তার দুপাশে গাড়ির বাইরে মূলত দাঁড়িয়ে থাকেন তাঁরা। তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক, আইন বহির্ভূত । এই বিষয়টি উত্থাপন করে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি।
কী অভিযোগ?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত গাড়িতে নিরাপত্তারক্ষীদের যেভাবে গাড়ির দরজার বাইরে ঝুলে থাকতে দেখা যায় তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শুধু তাঁদের নিজের জীবনের জন্য নয়, রাস্তায় যারা হাঁটাচলা করেন সেই সমস্ত সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে ,তাই এটা বন্ধ করা হোক। লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, এই ঘটনায় মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮-এর একাধিক বিধান লঙ্ঘিত হয়েছে। অভিযোগে মোটর ভেহিকেলস আইন, ১৯৮৮-এর ১২৩ এবং ১৮৪ ধারার উল্লেখ করা হয়েছে। তিনি জানিয়েছেন, নিরাপত্তার কারণ দেখিয়ে এ ক্ষেত্রে আইন তোয়াক্কা না করে বেআইনি কাজ করা হচ্ছে। যা গ্রহণযোগ্য নয়।
ভিআইপি বা ভিভিআই মুভমেন্টে কোথাও গাড়ির বাইরে ঝুলে থাকার নিয়ম আদৌ আছে কী? প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। প্রোটোকলের নিয়ম ভেঙে এই পদ্ধতি বছরের পর বছর অনুসরণ করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। প্রসঙ্গত উল্লেখযোগ্য ডিজে মামলার অভিযোগ রাজিব সরকারই করেছিলেন। এনিয়ে পুলিশ কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার।