অতি গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে

48

পৃথা দাশগুপ্ত,কলকাতা:অতি-গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় “আকভান”এ পরিণত হয়েছে। দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে এর অবস্থান। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা অতি-গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় “আকভান” এ পরিণত হয়েছে।

চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, ত্রিঙ্কোমালি থেকে ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান। মছলিপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং গোপালপুর (ওড়িশা) থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

ঝোড়ো দমকা হাওয়ায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে। নেল্লোর ও তুনির মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে আজ সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। তবে আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা বাড়তে পারে। বুধবার সকাল পর্যন্ত এইরকম আবহাওয়া।

বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলায় এক বা দুই জায়গায় বজ্রঝড়, বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।

পশ্চিমবঙ্গ উপকূলের জন্য মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। মৎস্যজীবীদের ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ।

উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়া বুধবার সকাল পর্যন্ত। কখনো আংশিক মেঘলা আকাশ। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া; খুব হালকা শীতের আমেজ। রাতের তাপমাত্রা বাড়বে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯৬ শতাংশ।