নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, এবার ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক। এবার থেকে সীমান্তবর্তী আট রাজ্যের বাসিন্দাদের নাগরিকত্ব নিয়ে বিতর্ক থাকলে সেটা দিতে পারবেন জেলাশাসক। আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। অসম সহ আট সীমান্তবর্তী রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করবেন জেলাশাসকেরাই। এত দিন জনগণনা দফতর, ইন্টেলিজেন্স ব্যুরো, ডাক বিভাগ-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নিয়ে গঠিত স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কমিটি এসব আবেদনের নিষ্পত্তি করত। এবার সেই ক্ষমতা তুলে দেওয়া হল জেলাশাসকের হাতে।
অসম-সহ যে আট রাজ্যের জন্য এই নিয়ম জারি করা হয়েছে, সবগুলিই বাংলাদেশ বা পাকিস্তানের সীমান্তবর্তী। তালিকায় রয়েছে অসম এবং ত্রিপুরা। যদিও দুটি রাজ্যের রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় এই নিয়ম কার্যকর হবে না। এ ছাড়া পাকিস্তান সীমান্তবর্তী গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে অমিত শাহের মন্ত্রক।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কমিটি এবং জেলা পর্যায়ের কমিটিগুলির কাছে নাগরিকত্বের যত আবেদন বিবেচনাধীন রয়েছে, তা জেলাশাসকদের কাছে হস্তান্তর করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও আবেদনকারীর নথিপত্র যাচাই, প্রয়োজনীয় তদন্ত করতে পারবেন জেলাশাসক। আবেদনকারী যোগ্যতার শর্ত পূরণ করছেন কি না, স্থির করবেন জেলাশাসকই। অনুসন্ধানে সন্তুষ্ট হলে তিনিই সংশ্লিষ্ট আবেদনকারীকে নাগরিকত্ব দিতে পারবেন।