EVM কারচুপি করেই অসমে নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি: বিস্ফোরক মন্তব্য শীর্ষ কংগ্রেস নেতার

25

স্টাফ রিপোর্টার: বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসের পরাজয় নিয়ে দু-মাস গবেষণা রিপুন বরার। ষাট দিনের গবেষণায় রিপুন বরার আবিষ্কার করেছেন, ইভিএম কারচুপির জন্যই অসমে তৃতীয়বার ক্ষমতায় এসেছে বিজেপি। কীভাবে ইভিএমে কারচুপি হয়, সেই ব্যাখাও দিলেন শীর্ষ কংগ্রেস নেতা। রিপুন বরা বলেম, ‘অসমে বিধানসভা ভোটে হয়েছিল EVM-এ কারচুপি। EVM-এ কারচুপি করেই ক্ষমতায় এসেছে বিজেপি’
উল্লেখ্য, গত দু-মাস গবেষণা করে এই তথ্য আবিষ্কার করেছেন শীর্ষ কংগ্রেস নেতা রিপুন বরা। শনিবার গুয়াহাটি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে রিপুন বরা বেশ কিছু অভিযোগ উত্থাপন করে বলেন, ‘ইভিএম মেশিনগুলিকে আগে থেকেই প্রোগ্রামিং করে রাখা হয়। ইভিএম মেশিনের ভেতরে থাকে মাইক্রো চিপ। প্রোগ্রামিং করা ইভিএমে কংগ্রেসকে ভোট দিলেও তা বিজেপির পক্ষেই যায়। কিন্তু VVPAT-এ দেখাবে ভোটটি কংগ্রেসের অনুকূলেই গিয়েছে।’
সাংবাদিক সম্মেলনে রিপুন বরা আরও জানান, ৯ এপ্রিল ৩৬টি আসনে আচমকা বেড়ে যায় ভোটদানের হার! সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ৩৬টি আসনে ভোটদানের হার সমান ছিল। আবার ২৭টি আসনে ১১টা থেকে ১টা পর্যন্ত ভোটদানের হার সমান ছিল। ইভিএম কারচুপি ছাড়া একই হারে ভোটদান কি সম্ভব?
সাংবাদিক সম্মেলনে রিপুন বরার আরও একটি বিস্ফোরক তথ্য। তিনি বলেন, EVM-এর মাইক্রোচিপস তৈরি হয় জাপান ও নেদারল্যান্ডসে। আশ্চর্যজনকভাবে ভোটগণনার আগে ওই দুই দেশ ভ্রমণ করেন মুখ্যমন্ত্রী। কেন ওই দু-দেশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তা স্পষ্ট করা উচিৎ।
বিধানসভার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে রিপুন বরা উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। রিপুন বরার সাংবাদিক সম্মেলনের পর বিজেপি কী উত্তর দেয়, তা হবে লক্ষ্যণীয়।