নিউজ ডেস্ক: অসম ও অরুণাচল প্রদেশের সীমান্তে গোলাগুলি। গুলিবিদ্ধ অসমের ৮ যুবক। সোমবার অসম-অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী নিম্ন সুববনসিড়ি জেলার মিংমাং বদতির ঘটনা। অসমের জমি অরুণাচল প্রদেশে বেদখল করে রাখা নিয়ে দুটি গোষ্ঠীর মাঝে বচসা হয়। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, বচসা চলাকালীন অরুণাচলিরা গুলি চালাতে থাকে নির্বিচারে।
অরুণাচলিদের গুলিতে আহত অসমের দুর্গেশ্বর পাতির, রোহিত দলে, নাগরাজ দলে, বিজ্ঞেশ্বর পাতির, পামে পেগু, সঞ্জয় টায়ুং, উৎপল দোলে, জান দোলে। গুলিবিদ্ধ আটজনকে প্রথমে স্থানীয় গোগামুখ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে আধুনিক চিকিৎসা পরিকাঠামো না থাকায় সাতজনকে পাঠানো হয় ধেমাজি হাসপাতালে। পরে আরও তিনজনকে পাঠানো হয় ধেমাজির হাসপাতালে। গুলিবিদ্ধ সবাই ধেমাজি জেলার বাসিন্দা।
সংকটজনক অবস্থায় গুলিবিদ্ধ চারজনকে পাঠানো হয়েছে ডিব্রুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে। এঁরা হলেন ভাইজান দোলে, উৎপল দোলে, প্রেম পেগু এবং ঋতুপন দোলে।
অসমের সঙ্গে অরুণাচল প্রদেশের সীমান্ত সমস্যা আজকের নয়, বহুকাল ধরে এটা চলছে। সম্প্রতি অসম ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। শুধু অরুণাচল প্রদেশ নয়, মেঘালয়ের সঙ্গেও অসমের জমিবিবাদ রয়েছে। প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীদের আলোচনায় জমি সমস্যার সুরাহা না হলেও ঐকমত্য প্রতিষ্ঠিত হতে পারে। জমি সমস্যা সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ জুলাই অসম-মিজোরামের সীমান্ত সংঘর্ষে অসম পুলিশের ৬ জন এবং এক সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল গুলিতে। কোস্তাসিবি জেলার ভেইরেংগতে গ্রামের কাছে এই হিংসাত্মক ঘটনা ঘটেছিল। দুই রাজ্যের পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যা দীর্ঘদিনের সীমানা বিবাদের পরিণতি।
Prev Post
Next Post