রাস্তায় মহিলাকে দেখে ১০ হাজার টাকা অফার,বিপাকে ফল বিক্রেতা

21

নিউজ ডেস্ক: ২৭ জুলাই গভীর রাত। ঘড়ির কাঁটায় তখন প্রায় ১.৩০ মিনিট। বেঙ্গালুরুর রামামূর্তি নগরে এক মহিলা ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন, সেই সময় এক অপরিচিত ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মহিলাকে দেখে স্কুটি থামিয়ে কুদৃষ্টিতে মহিলাকে দেখতে থাকেন ওই ব্যক্তি। মহিলা তা বুঝতে পারেন। প্রথমে বিষয়টি মহিলা এড়িয়ে যান। অভিযোগ, এরপরই ৪০ বছরের ওই ব্যক্তি অশ্লীল মন্তব্য করতে থাকেন মহিলাকে। পাত্তা না দেওয়ায় স্কুটার চালক মহিলার কাছে গিয়ে অশালীন মন্তব্য করে বলে অভিযোগ। যৌন সুবিধার বিনিময়ে তাকে টাকার প্রস্তাব দেয়। যদিও ভিডিওর সত্য়তা যাচাই করেনি NKTV বাংলা।

বেগতিক বুঝে মহিলা ওই ব্যক্তির অজান্তে একটি ভিডিও করতে থাকেন, ভিডিওতে বলতে শোনা যায় কত টাকা দিলে ওই মহিলা তাঁর সঙ্গে যাবে। মহিলা প্রশ্ন করেন, কেন আপনার সঙ্গে যাবো? তখন ওই ব্যক্তি ১০ হাজার টাকাও দেবে বলেন। মহিলা যখন জানান তিনি তার সমস্ত কথাবার্তা রেকর্ড করছেন তখন পালিয়ে যান ওই ব্যক্তি। সাহসী তরুণী সঙ্গে সঙ্গে ঘটনাটির ভিডিও স্কুটারের নম্বর সহ সামাজিক মাধ্যমে শেয়ার করেন। যা কয়েক সেকেন্ডের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বেঙ্গালুরুর রামমূর্তি নগর থানার পুলিশ মহিলার সঙ্গে যোগাযোগ করে অভিযোগ গ্রহণ করে। এরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। মহিলার রেকর্ড করা ভিডিও দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম বিজয় রাঘব। তিনি রামামূর্তি নগরের এনআরআই লেআউট এলাকার বাসিন্দা। পেশায় ফল বিক্রেতা। পুলিশ অভিযুক্তের ব্যবহার করা স্কুটি বাজেয়াপ্ত করেছে।