পৃথা দাশগুপ্ত, কলকাতা: রাজ্যের দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশ্বাস মতো এই শাখাকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞ ৩ আইপিএস অফিসারকে নিয়োগ করল নবান্ন। মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া, কামনাশিস সেন। এছাড়া আরও ১৬ জন অফিসারকে এই শাখায় নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে বেশিরভাগই এসআই পদমর্যাদার আধিকারিক। আজ থেকে এই অফিসারদের দুর্নীতি দমন শাখায় কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, দুর্নীতি দমন শাখাকে নতুন করে সাজানো হচ্ছে। সরকারি আধিকারিকরা টাকা নিলেই জেল হবে। এর জন্য সম্প্রতি বৈঠকও করেন তিনি। এরপর দুর্নীতি দমন শাখায় ৩ অভিজ্ঞ আইপিএস ও ১৬ আধিকারিককে নিয়োগ করা হয়।
এই দুর্নীতি দমন শাখা রাজ্য সরকারের অধীনে থাকা সরকারি কর্মচারী ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও তদন্ত করবে। তৃণমূলের আমলে একাধিক প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। আমফান, সেবাশ্রয়-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। এই সব দুর্নীতিতে নাম জড়ায় একাধিক সরকারি আধিকারিকদেরও। দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজানোর পর এই সকল আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে গতি আসবে বলে মনে করা হচ্ছে। ফলে প্রকাশ্যে আসবে অভিযুক্ত সরকারি আধিকারিকদের নাম।