১৫ মে ২০২৬,নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরই রাজনৈতিক চাপানউতোর শুরু। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় ডিজেল, পেট্রোল ও সিনএজির দাম বাড়ছে। ডিজেল-পেট্রোলে বেড়েছে লিটার প্রতি ৩ টাকা আর সিএনজি প্রতি কেজিতে ২ টাকা।
এরপরই বিজেপির পক্ষ থেকে একটি তালিকা দিয়ে দাবি করা হয় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি একেবারেই নগণ্য। জ্বালানির দাম বৃদ্ধির ক্ষেত্রে বিশ্বের অন্তত ৮০ দেশ ভারতের উপরে রয়েছে, বিজেপির দেওয়া তালিকায়।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে অন্তত ৪৪ শতাংশ, ইংল্যান্ডে অন্তত ১৯ শতাংশ, ইতালিতে ১৫ শতাংশ, জার্মানিতে ১৩.৭ শতাংশ। বিজেপির দেওয়া তালিকার শীর্ষে মায়ানমার, বৃদ্ধি ৮৯ শতাংশ। সেখানে ভারতে জ্বালানির দাম বেড়েছে মাত্র ৩.২ শতাংশ।
উল্টোদিকে কংগ্রেস মুখপাত্র বিজেপির তালিকা স্বীকার করে নিয়ে বলেছেন, পৃথিবীর বহু দেশে ডিজেল-পেট্রোলে ছাড় দিয়েছে। ভারতীয় মুদ্রায় নেপালের ক্ষেত্রে এই ছাড় যথাক্রমে ২ ও ১২ টাকা, অস্ট্রেলিয়ায় পেট্রোলে ছাড় ১৭ টাকা, জার্মানিতে ১৭ থেকে ১৯ টাকা, ব্রিটেন দিয়েছে ১০০ পাউন্ড ছাড়।
প্রায় ৭৭ দিন ধরে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। যার ফলে ভারতকে প্রতিদিন ১ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে।