স্টাফ রিপোর্টার: অসমের কিংবদন্তি গায়ক জুবিন গার্গের ম্যুরাল সরিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন গায়কের স্ত্রী গরিমা শইকিয়া গার্গ। গণেশগুড়ি ফ্লাইওভারের নীচে ছিল জুবিনের ম্যুরাল – কমরেড নেভার ডাই। কমরেডের মৃত্যু হয় না। যে আর্টওয়ার্ক পথযাত্রীদের জন্য অন্যতম দ্রষ্টব্য হয়ে উঠেছিল। কিন্তু গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন ম্যুরাল আঁকা সেই স্তম্ভে নতুন রং লাগিয়ে জুবিনকে অদৃশ্য করে দিয়েছে। স্বাভাবিকভাবেই নাগরিকদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে।
ম্যুরাল সরিয়ে নেওয়ার ঘটনা সামনে আসতেই ফেসবুক পোস্টে দুঃখপ্রকাশ করেছেন গরিমা গার্গ। জুবিনের সঙ্গে অসমের জনতার আবেগের বন্ধনের কথা উল্লেখ করেছেন তিনি।
ফেসবুক পোস্টে গরিমা লিখেছেন, মানুষের সামনে থেকে জুবিন গার্গের পোর্ট্রেট ও ম্যুরাল সরিয়ে নিলেও অসমের জনতার মন থেকে জুবিনের ছবি ও মানুষের আবেগ থেকে জুবিনকে সরানো যাবে না।

শারীরিকভাবে জুবিন না থাকলেও অনুরাগীদের সঙ্গে তাঁর বন্ধন চিরকাল থেকে যাবে, লিখেছেন গরিমা গার্গ। প্রসঙ্গত গণেশগুড়ি ফ্লাইওভারের স্তম্ভ থেকে জুবিনের ম্যুরাল সরিয়ে দেওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের মতে, এই ম্যুরাল ছিল জুবিনের প্রতি অনুরাগীদের শ্রদ্ধার্ঘ্য। এটা ছিল অসমের মানুষের যৌথ আবেগ।
জুবিন প্রেমীদের আবেগ ও ক্ষোভ এবং গরিমা গার্গের এক্স পোস্টের পর জুবিনের ম্যুরাল ফের আঁকার ব্যবস্থা করে প্রশাসন।