নিউজ ডেস্ক : গুয়াহাটি থেকে সরাসরি দুবাই এবং আবু ধাবির বিমান পরিষেবা চালু হচ্ছে। আগামী ৪ আগস্ট থেকে চালু হবে এই পরিষেবা। সমাজমাধ্যমে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এক্স হ্যান্ডলে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে নতুন নন-স্টপ পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। যা বিশ্বের সঙ্গে অসমের যোগাযোগ শক্তিশালী করবে এবং দক্ষিণপূর্ব ভারতের কাছে গুয়াহাটিকে অন্যতম পর্যটন ক্ষেত্রে ট্রানজিটের কেন্দ্র করে তুলবে।
কয়েক দিন আগেই ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছিল যে তারা অসম ভ্রমণের বিধিনিষেধ তুলে নিচ্ছে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ৪ আগস্ট থেকে গুয়াহাটি থেকে সরাসরি দুবাই এবং আবু ধাবির বিমান পরিষেবা চালু হবে, সমাজমাধ্যমে লিখেছেন অসমের মুখ্যমন্ত্রী।
নতুন পরিষেবা চালু হলে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরের সঙ্গে যুক্ত হবে চারটি দেশ, এগুলি হল সংযুক্ত আরব আমিরশাহি, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভুটান।
হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আমার পরবর্তী লক্ষ্য ভিয়েতনামের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু করা। এবিষয়ে বিশেষভাবে আমি নজর রাখছি, লিখেছেন হিমন্ত।
সম্প্রতি অসম ভ্রমণের ক্ষেত্রে যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ২০ জুন এক্স পোস্টে এখবর জানিয়ে হিমন্ত বিশ্ব শর্মা লিখেছিলেন, এটা অসমের প্রতি আস্থার প্রতীক। এর ফলে অসম ও ইউরোপিয়ান ইউনিয়নের বন্ধন দৃঢ় হবে। এইসঙ্গে ভারতে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত হার্ভে ডেলফিনকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী।