টানা বৃষ্টির জেরে ডিমা হাসাওয়ে ধস: বিছিন্ন হাফলং-শিলচর সড়ক যোগাযোগ ব্যবস্থা

120

১৫ মে, হাফলং: গত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির জেরে ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাওয়ের নিকটবর্তী ডোলাইচুঙা অঞ্চলে ধস নামে। ফলে, শুক্রবার সকাল থেকেই ব্যস্ততম হাফলং-শিলচর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে পড়ে। ঘটনার জেরে বরাক উপত্যকার সঙ্গে ডিমা হাসাও এবং গুয়াহাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতভর হওয়া বৃষ্টির কারণে ডোলাইচুঙা এলাকায় পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে পড়ে। ধসের কারণে প্রচুর মাটি, বড় বড় পাথর এবং উপড়ে যাওয়া গাছপালা সড়কের ওপর এসে জমা হয়। ফলে রাস্তার দু’দিকেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে শত শত পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস এবং ছোট গাড়ি রাস্তার দুই প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে।

ঘটনার পর জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং NHAI কর্তৃপক্ষ রাস্তা সচল করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। তবে, পাহাড়ি এলাকায় এখনও অনবরত বৃষ্টিপাত জারি থাকায় উদ্ধারকাজ ও রাস্তা পরিষ্কারের প্রক্রিয়ায় অসুবিধার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, ডিমা হাসাওয়ে ধসের ঘটনা নতুন কিছু নয়। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছর বৃষ্টির মরশুমে এই হাফলং-শিলচর সড়কের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই পাহাড় ধসে এই জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়া এখন এক বাৎসরিক নিয়মে পরিণত হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের আপাতত এই রুটে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে প্রশাসন।